মৌসুম পেরিয়েও কমছে না চাঁদপুরে ডেঙ্গুর দাপট

চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। জেলার বিভিন্ন স্থান থেকে জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রতিদিনই চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অনেকের শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হচ্ছে। চলতি মাসের গত ১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সোমবার পর্যন্ত ১৬ দিনে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন সর্বমোট ১৩৫ জন রোগী। আক্রান্তদের মধ্যে পুরুষ ৯১ জন এবং নারী ও শিশু ৪৪ জন। তবে এ সময়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

মূলত বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে, বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ সাধারণত সবচেয়ে বেশি থাকে। এরপর নভেম্বর থেকে কমতে শুরু করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে এবার চিত্র ভিন্ন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে শারীরিক অবস্থা বিবেচনায় ৭ জন পুরুষ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। বর্তমানে হাসপাতালের পৃথক ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত রোগীরা।

১৭ নভেম্বর সোমবার হাসপাতালের নারী ওয়ার্ডে আগের ভর্তি রোগী ছিলেন ৭ জন। দুপুর পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছেন ১ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২ জন। অপরদিকে পুরুষ ওয়ার্ডে ভর্তি ছিলেন ১৬ জন। এদিন দুপুর পর্যন্ত নতুন কোনো রোগী ভর্তি না হলেও চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬ জন। হাসপাতালে পর্যাপ্ত বিছানা সংকটে এসব রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের দ্বিতীয় ও চতুর্থ তলায় পৃথক ডেঙ্গু ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রোগীর সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা এবং সেবা প্রদানে প্রস্তুতি রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, গত দুই থেকে তিন মাস ধরেই হাসপাতালে ডেঙ্গু রোগীর উপস্থিতি তুলনামূলক বেশি। বছরের এ সময়টাতে সাধারণত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। তাই বিষয়টি বিবেচনায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে থাকে।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু হাসপাতাল নয়, স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রস্তুতি ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত জরুরি। বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে বৃষ্টির পানি জমে মশার প্রজননস্থলে পরিণত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এদিকে ডেঙ্গুর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে দিনের বেলাতেও মশার কামড় থেকে বাঁচতে সতর্ক থাকার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৮ নভেম্বর ২০২৬