৫৩তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে কাবাডিতে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা কাবাডি দল।
গত ৬ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয় মৈশাদী উচ্চ বিদ্যালয়। এরপর ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মতলব দক্ষিণের কে.এফ.টি. কলেজিয়েট স্কুলকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
সাফল্যের ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বকুল অঞ্চলের উপ-অঞ্চল পর্যায়ের খেলায় ব্রাহ্মণবাড়িয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা কাবাডি দল।
সর্বশেষ ৩ অক্টোবর ২০২৬ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সিলেট দলকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। এর মাধ্যমে চাঁদপুর জেলার কাবাডিতে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা কাবাডি দল।
বিভাগীয় পর্যায়ের খেলায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য মহিউদ্দিন খান তপন, সাবেক অভিভাবক সদস্য ও শিক্ষানুরাগী মো. রফিকুল ইসলাম খান, সহকারী শিক্ষক রাবেয়া আক্তার, অফিস সহায়ক মো. আমিন গাজী এবং শরীরচর্চা শিক্ষক শীতল চন্দ্র দাস।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষকের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য এসেছে।
মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জনকারী বালিকা কাবাডি দলের খেলোয়াড়, ক্রীড়া শিক্ষক, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
মৈশাদী উচ্চ বিদ্যালয়ের এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে। জাতীয় পর্যায়েও দলটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে—এমন প্রত্যাশা সবার।
স্টাফ করেসপন্ডেট/
৩ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur