Home / চাঁদপুর / চাঁদপুরে মহানবী হযরত মুহাম্মদ (দ:) জীবনাদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মুহাম্মদ

চাঁদপুরে মহানবী হযরত মুহাম্মদ (দ:) জীবনাদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ‌:) উপলক্ষে “সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে মহানবী হযরত মুহাম্মদ (দ:) জীবনাদর্শ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স এর প্রেসিডেন্ট ও আমেরিকার স্ট্যামফোর্ড রাহমাতাল্লিল আলামিন জামে মসজিদ এর খতিব শাইখ ড. সাইফুল আজম আজহারী তিনি তার বক্তব্য বলেন, আজকের পৃথিবীতে আমরা বিজ্ঞানে, প্রযুক্তিতে ও অর্থনীতিতে অনেক এগিয়েছি কিন্তু একই সঙ্গে নৈতিকতার সংকটও প্রকট হয়েছে। সমাজে মিথ্যা, প্রতারণা, দুর্নীতি, সুদ-ঘুষ, মাদকাসক্তি, পারিবারিক অশান্তি, পরনিন্দা, হিংসা, অহংকার, অশ্লীলতা, অন্যের অধিকার হরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার আমাদের জীবনকে নানা দিক থেকে বিপর্যস্ত করছে। আমাদের উত্তর একটাই রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, একজন মানুষ অনেক ইবাদত করেও যদি মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, অন্যের অধিকার নষ্ট করে, অহংকার করে এবং প্রতারণা করে, তাহলে তার চরিত্রের সংশোধন অত্যন্ত জরুরি। আমাদের মনে রাখতে হবে ভালো মুসলমান হওয়া মানে শুধু ভালো বক্তা হওয়া নয়; ভালো মুসলমান হওয়া মানে ভালো মানুষ হওয়া।

তরুণদের উদ্দেশ্যে বলেন, আমাদের ঘরে কুরআনের শিক্ষা, সালাতের শিক্ষা, সত্যবাদিতা, শালীনতা, পারস্পরিক সম্মান ও ভালোবাসার পরিবেশ গড়ে তুলতে হবে। যুবসমাজকে নৈতিকতার পথে ফিরিয়ে আনা একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ সমাজের ওপর। আজকের তরুণদের মাদক, পর্নোগ্রাফি, অশ্লীলতা, অনলাইন আসক্তি, অপরাধপ্রবণতা এবং হতাশা থেকে রক্ষা করতে হলে শুধু নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। তাদের সামনে উদ্দেশ্যময় ও আদর্শিক জীবন তুলে ধরতে হবে।রাসূলুল্লাহ (সাঃ) তরুণদের সম্মান দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন এবং নেতৃত্বের সুযোগ দিয়েছেন। জ্ঞান অর্জন করো, দক্ষতা অর্জন করো, চরিত্র গঠন করো এবং মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করো।

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) নারী, শিশু, এতিম, দরিদ্র ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন ক্ষমতা মানে মানুষকে দমন করা নয়; ক্ষমতা মানে মানুষের অধিকার রক্ষা করা। আজকের যুগে আমাদের নৈতিকতার একটি বড় পরীক্ষা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। কোনো খবর যাচাই না করে ছড়িয়ে দেওয়া, গীবত করা, অপমানজনক মন্তব্য করা, মিথ্যা তথ্য প্রচার করা, এসব থেকেও আমাদের বিরত থাকতে হবে। কুরআন আমাদের শিক্ষা দেয়“কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও।”

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের প্রকৃত শিক্ষা শুধু আলোচনা, সভা কিংবা শোভাযাত্রার মধ্যে সীমাবদ্ধ নয়। রাসূল (সাঃ)এর প্রতি ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হলো তাঁর আদর্শকে জীবনে বাস্তবায়ন করা।

বাংলাদেশ ইসলামী যুবসেনা সভাপতি মোহাম্মদ নবাব খানের সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার সম্পাদক নোমান আহমদ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সন্তোষপুর দরবার শরীফের খাদেম শাহ্ আব্দুল করিম বিন মুহাম্মদ, পীরজাদা ঘনিয়া দরবার শরীফের খাদেম আলহাজ্ব বজলুল হক আখন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সদস্য এ এইচ এম আহসান উল্লাহ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মাহফিল কমিটির আহবায়ক ও বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক শাহজাদা বদরুদ্দোজা, মাহফিল কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম মামুন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা দরবার শরীফের খাদেম জাকারিয়া মাদানী।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৩ অক্টোবর ২০২৬