চাঁদপুরের হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার সন্দেহভাজন মো. মজিবর রহমান পাটোয়ারী (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে হাইমচর থানাধীন পশ্চিম চরকৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর হাইমচর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি চুরির মামলা (এফআইআর নম্বর- ২৯, জিআর নম্বর- ২৫৫) রুজু হয়। ওই মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. মজিবর রহমান পাটোয়ারীর সম্পৃক্ততা পাওয়া যায়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এবং এসআই ফারুক উল ইসলাম ও এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ০৩ অক্টোবর রাত ২টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম চরকৃষ্ণপুর চৌরাস্তা সংলগ্ন নাসির পাটওয়ারীর বন্ধ মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত মজিবর রহমান পাটোয়ারী হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর (পাটওয়ারী বাড়ী) এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে।
হাইমচর থানার পুলিশ জানায়, শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৩ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur