চাঁদপুরে ‘কথামঞ্চ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের হাজী মহসীন রোডের কদমতলা নতুন বাজার এলাকায় অবস্থিত চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক এবং মো. কবির হোসেন মিজিকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটি আগামীতে ‘কথামঞ্চ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও রূপরেখা প্রণয়নে কাজ করবে। প্রতিষ্ঠা সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য, খসড়া গঠনতন্ত্র এবং সংগঠনের সার্বিক কার্যপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনকে একটি শক্তিশালী, সৃজনশীল ও জনসম্পৃক্ত সাহিত্য-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন বলেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ‘কথামঞ্চ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন’-কে এগিয়ে নিয়ে যেতে চাই। খুব শিগগিরই একটি সুন্দর ও আয়োজনমুখর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। সংগঠনের লক্ষ্য ও
সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে সদস্য সচিব মো. কবির হোসেন মিজি বলেন, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও আমরা কাজ করতে চাই। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। প্রতিষ্ঠা সভায় আরও উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য এইচ এম মনির হোসেন, পিএম বিল্লাল, আব্দুস সালাম আজাদ জুয়েল, বোরহান উদ্দিন ডালিম, এমরান হোসেন রাজন, নাজির আহম্মেদ স্বপন, সালমা বিনতে ইদ্রিস রিনা, দেওয়ান মাসুদুর রহমান, সবুজ আহমেদ, মাসুদ প্রধানীয়া আকাশ, আব্দুল মতিন তফাদার, দীন মোহাম্মদ দিলরাজ, আলমগীর হোসেন আঁচল, মাসুদ পারভেজ, মাসুদ পাটোয়ারী ও ফয়সাল আহম্মেদসহ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডের সমন্বয়ে ‘কথামঞ্চ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন’ আগামী দিনে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রির্পোটার/
৯ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur