চাঁদপুরের কৃতি সন্তান, বরেণ্য কথাসাহিত্যিক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামে লালমাই পাহাড়ের এক নির্জন স্থানে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব মাহমুদুল হাসান।
মরদেহ উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার মৃত্যুর কারণ ও কীভাবে তিনি সেখানে পৌঁছেছেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হয় অপ্রতিম। তার মা নাহিদা নাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন, দুপুরে তার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বেরিয়েছিল ছেলেটি। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং রাত নামলেও বুকের ধন আর মায়ের কাছে ফিরে আসেনি। ছেলেকে হন্যে হয়ে খুঁজে না পেয়ে শুক্রবার রাতেই কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্বিগ্ন পরিবার।
অবশেষে সব অপেক্ষার অবসান ঘটে এক বুকফাটা আর্তনাদের মধ্য দিয়ে। আজ শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামে লালমাই পাহাড়ের এক নির্জন স্থানে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
বাবা মায়ের আদরের যে ছোট্ট শিশুটি চোখেমুখে ছিল দুরন্তপনা আর হাজারো স্বপ্ন, সে আজ শুধুই এক নিথর দেহ। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা নাহিদা নাহিদ, তার এই অবর্ণনীয় শোক যেন ছুঁয়ে গেছে পুরো দেশের মানুষকে। কীভাবে, কেন এই নিষ্পাপ কিশোরকে এমন করুণ পরিণতির শিকার হতে হলো—সেই উত্তরের অপেক্ষায় এখন বাকরুদ্ধ সবাই।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৯ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur