কুমিল্লার উন্নয়নে বিগত দিনে কেউ যথেষ্ট করতে পারেনি উল্লেখ করে সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, গত তিন মাসে কুমিল্লার বেসিক উন্নয়নকাজে যে অগ্রগতি এসেছে, তা গত ৩০ বছরেও হয়নি। বৃহস্পতিবার রাতে কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মনিরুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রচেষ্টার পর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও মাত্র তিন মাসের মধ্যে ওয়াসা গঠিত হয়েছে, যার এমডি নিয়োগ প্রক্রিয়াধীন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প নতুন মহাসড়ক নির্মাণকাজ অনেক এগিয়েছে এবং শুক্রবার এ বিষয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আসছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় ঢাকা-কুমিল্লা রেলপথের কাজও অচিরেই শুরু হবে।
তিনি আরও বলেন, অচিরেই কুমিল্লা বিমানবন্দর চালু হচ্ছে এবং এর সীমানা প্রায় ৩০০ বর্গকিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। এসব উদ্যোগের ফলে কুমিল্লা অচিরেই ‘ওয়ান অব দ্য বেস্ট সিটি’-তে রূপ নেবে। তবে এই শহর গড়ে তোলার দায়িত্ব একা কারো নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সিডিএর চেয়ারম্যান উদবাতুল বারি আবুকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৮ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur