কুমিল্লা বোর্ডে শূন্য পাস, চাঁদপুরের দুটি’সহ ১৫ কলেজের অধ্যক্ষকে তলব

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবারের এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি, এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তলব করা কলেজগুলোর মধ্যে রয়েছে, চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর এন্ড শামসুল হক মডেল কলেজ, ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের সশরীরে উপস্থিত হতে হবে। একই সঙ্গে কলেজগুলোর বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

শূন্য পাসের কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে অধ্যক্ষদের শূন্য পাসের বিষয়ে লিখিত ব্যাখ্যাও দিতে হবে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ২০২৬ সালের প্রকাশিত এইচএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানে পাশের হার শূন্য, সেসব প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে, কেন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে হবে অধ্যক্ষদের। তাদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

কুমিল্লা প্রতিনিধি/
৯ নভেম্বর ২০২৬