কুমিল্লায় পাঁচ মামলার পলাতক ইউপি সদস্য গণপিটুনিতে নিহত

কুমিল্লার বাঙ্গরা উপজেলার উত্তর পেন্নই গ্রামবাসীর প্রতিরোধের মুখে সংঘর্ষ ও গণপিটুনিতে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী মোমেনা বেগমও (৩৮) আহত হন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনায় অভিযুক্ত এবং ৫টি মামলার পলাতক আসামি ছিলেন এই আনোয়ার মেম্বার।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) ভোররাতে বাঙ্গরাবাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে এবং শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় আধিপত্য বিস্তার করে অবৈধ ড্রেজিং ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন আনোয়ার মেম্বার। গত ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় পলাতক ও আত্মগোপনে ছিলেন।

ঘটনার রাতে আনোয়ার মেম্বার দলবল নিয়ে গ্রামে প্রবেশ করলে গ্রামবাসী বিষয়টি টের পায়। পরবর্তীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করা হয়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে আনোয়ার গুরুতর আহত হন।

খবর পেয়ে বাঙ্গরাবাজার থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আনোয়ার হোসেনকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হওয়া স্ত্রী মোমেনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, নিহত আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাঙ্গরাবাজার থানা ও মুরাদনগর থানায় মোট ৫টি মামলা রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৩ সেপ্টেম্বর ২০২৬