কুমিল্লা বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবক নিহত
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আবুল কালাম (৩০) নামে চাঁদপুরের ফরিদগঞ্জের এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।
নিহতের বাবা মোস্তফা কামাল জানান, আগে কুমিল্লার চান্দিনা বাজারে আবুল কালামের ফার্নিচারের ব্যবসা ছিল। ৩ বছর আগে ব্যবসায় লোকসান গুনে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তিনি চট্টগ্রাম ও এলাকায় কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন। কাজের উদ্দেশ্যেই গত শুক্রবার তিনি কুমিল্লায় যান।
মঙ্গলবার সকালে স্বজনেরা এক পথচারীর ফোন পেয়ে জানতে পারেন, আবুল কালাম পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। পরে পরিবারের সহযোগিতায় তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রূপগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌঁছালে কালাম শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, যেহেতু দুর্ঘটনাটি কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঘটেছে, তাই সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে যেকোনো ধরনের আইনি সহায়তার আবেদন করা হলে ফরিদগঞ্জ থানা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২ সেপ্টেম্বর ২০২৬