কুমিল্লার কোটবাড়িতে প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এবং সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৫২ কোটি টাকার মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুমিল্লার কোটবাড়িস্থ ১০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণে এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র উত্তর পূর্ব রিজিয়নের (সরাইল রিজিয়ন) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।
প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, “মাদক শুধু একটি অবৈধ দ্রব্য নয়; এটি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। আমাদের সম্ভাবনাময় তরুণ সমাজের স্বপ্ন, মেধা ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক।”
তিনি জানান, বিগত তিন থেকে চার বছরে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ জেলার আংশিক সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। মাদক নির্মূলকে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয় উল্লেখ করে তিনি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বান জানান।
অনুষ্ঠানে ১০ বিজিবি ও ৬০ বিজিবি কর্তৃক জব্দকৃত সর্বমোট ৫১,৮৩,৮৪,১২৫ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, নিষিদ্ধ ঔষধ/ইনজেকশন, বিদেশি সিগারেট এবং জর্দ্দা জনসমক্ষে ধ্বংস করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ স্থানীয় উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৮ জুলাই ২০২৬