কুমিল্লা জেলায় হামের প্রকোপ এখনও কাটেনিচলতি ২০২৬ সালের শুরু থেকে গত ১৯ মে পর্যন্ত জেলা জুড়ে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে ১১০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
সরকারি হিসাব অনুযায়ী, জেলায় এ বছর এ পর্যন্ত হামে আক্রান্ত ও সন্দেহভাজন হয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
যার মধ্যে ১ জনের মৃত্যু ল্যাব নিশ্চিত (Lab confirmed) এবং বাকি ৮ জন হাম সন্দেহে (Suspected) মারা গেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ ধরা পড়েছে।
তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় হামে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির চাপও লক্ষ্য করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলাটিতে মোট সন্দেহভাজন হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। তবে চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার হারও সন্তোষজনক। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২৮ জন এবং এ বছর এ পর্যন্ত মোট ১ হাজার ১৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, হাম একটি মারাত্মক ছোঁয়াচে রোগ হলেও সঠিক সময়ে চিকিৎসা এবং টিকাদানের মাধ্যমে এটি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
–জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ২০ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur