কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই বিরোধী অভিযানে আটক ২৯৯
কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে একযোগে ২৯৯ জন মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে জেলার ১৮টি থানা এলাকায় জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কুমিল্লা মহানগরীসহ প্রতিটি থানা এলাকার বিভিন্ন পয়েন্টে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধমূলক তৎপরতার শঙ্কা রয়েছে, সেখানে কঠোর তদারকি ও তল্লাশি চালানো হয়। অভিযানের সার্বিক পরিস্থিতি সরাসরি তদারকি ও অংশগ্রহণ করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আটককৃতদের মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই ও অপরাধের সম্পৃক্ততা বিবেচনা করে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে অপরাধে সরাসরি জড়িত না থাকা এবং প্রাথমিক সতর্কতার অংশ হিসেবে ১৪০ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান জেলার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিরোধী এ অভিযান চলছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত সর্বমোট ৬,৮৫৭ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩,৯৬৪ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় মুক্ত করা হয়েছে এবং ২,৮৯৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উঠতি বয়সী কিশোররা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযান চলাকালে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর মনিটরিং নিশ্চিত করা হচ্ছে বলেও জানানো হয়। কিশোর অপরাধ ও গ্যাং কালচার রোধে কুমিল্লা জেলা পুলিশ বদ্ধপরিকর।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
৫ নভেম্বর ২০২৬