Home / সারাদেশ / লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ১ লাখ ৪০ হাজার কারাবন্দি
lIGAL AID ..

লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ১ লাখ ৪০ হাজার কারাবন্দি

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে ১ লাখ ৩৯ হাজার ৯৮৫ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেয়া হয়েছে। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৬ শ ৯৬ জন আইনি সহায়তা পেয়েছেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১২ লাখ ২০ হাজার ৪৪ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ২ শ ২০ জনকে সেবা দেওয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরের (১৬৬৯৯) মাধ্যমে সেবা পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭০৩ জন। সব মিলিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মোট সংখ্যা ১৪ লাখ ৮৭ হাজার ৬ শ ৬৩ জন।

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

১৯ জুলাই ২০২৬
এ জি