‘কাবার মেহমান’ কাফেলার আয়োজনে উমরাহ হজের প্রশিক্ষণ ও মতবিনিময়
চাঁদপুরে ‘কাবার মেহমান’ হজ্ব কাফেলার আয়োজনে উমরাহ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ দি হিলশা মেডিকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় এই প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর কাবার মেহমান হজ্ব কাফেলার পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক। এছাড়াও উমরাহ যাত্রীদের উদ্দেশ্যে, হাদিস ও কোরআনের আলোকে হজ্ব ও উমরাহ পালনের সঠিক নিয়ম এবং এর তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মফিজুর রহমান, হাফেজ মাওলানা মনির হোছাইন, মাওলানা ইমরান হোসাইন, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আহমদ উল্লাহ, হাফেজ মাওলানা সাইফুদ্দিন ও হাসান মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, আপনাদের প্রথম কাজ হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নৈকট্য লাভের উদ্দেশ্যে, উমরাহ’র নিয়ত করা। ইহরাম বাধার পর প্রয়োজনীয় আমলগুলো সঠিকভাবে পালন রা। বিশেষ করে ইহরাম অবস্থায় পুরুষরা সেলাই যুক্ত পোশাক পরিধান করতে পারবেন না,সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। নারী ও পুরুষগণ চুল,দাঁড়ি ও হাত-পায়ের নখ কাটতে পারবেন না। এই নিয়ম ভঙ্গ করলে অবশ্যই (৭৫০ রিয়েল) সমমূল্যের কাফফারা দেয়া বাধ্যতামূলক। নারীগণ ইহরামের নিয়ত করবেন কিন্তু তাদের সেবা আলাদা কোন পোষাক পরিধান করতে হবে না।
তারা আরো বলেন, উমরাহ পালনরত অবস্থায় ৫ টি কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কাজ গুলো হলো, যতটা সম্ভব কম ঘুমাবেন, খাবার কম খাওয়ার চেষ্টা করবেন, অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার চেষ্টা করবেন, আত্মীয়-স্বজনের সাথে দেখা করা থেকে বিরত থাকবেন এবং অযথা ঘুরা ঘুরি থেকে বিরত থাকবেন। এই ৫ টি কাজ থেকে বিরত থাকতে পারলে হজের আমল গুলো সঠিকভাবে পালন করতে পারবেন। উমরাহ পালনরত অবস্থায় এবাদতের মধ্যে থাকার চেষ্টা করবেন।
কাবার মেহমান হজ্ব কাফেলার পরিচালক ও মতয়াল্লী মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, আগামী ১১ নভেম্বর ৪৫ জনের একটি কাফেলা নিয়ে উমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হব। সেখানে ১৪ দিন অবস্থান শেষে দেশে ফিরে আসব। ইতিমধ্যে সকল যাত্রীর প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পন্ন করা হয়েছে। আমাদের কাফেলার বেশিরভাগ যাত্রী চাঁদপুরের বাসিন্দা। আমরা দীর্ঘদিন যাবত বেশ সুনামের সাথে উমরাহ এবং হজ্ব নিয়ে কাজ করছি।
এই কাফেলার সাথে প্রথমবারের মতো উমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছেন, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসিন্দা হাসমত সৈয়াল ও হাশেম বেপারী জানান, কাবার মেহমান হজ্ব কাফেলার মাধ্যমে আমাদের অনেক আত্মীয়-স্বজন একাধিকবার হজ এবং ওমরা করেছেন। তাদের সেবার মান অনেক ভালো, এজন্য আমরা এই কাফেলার সাথে প্রথমবারের মত ওমরাহ পালন করতে যাচ্ছি।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৭ নভেম্বর ২০২৬