Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বেহাল সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন ইসমাইল মোল্লা
সড়কের

কচুয়ায় বেহাল সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন ইসমাইল মোল্লা

চাঁদপুরের কচুয়া উপজেলার দীর্ঘদিনের বেহাল বাইছারা-বিতারা-শিমুলতলী সড়কের ভাঙা অংশ সংস্কার করে যান চলাচলের উপযোগী করে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য বিতারা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসমাইল মোল্লা। কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন ও উপজেলা কৃষক দলের সভাপতি মিজান মোল্লার সার্বিক সহযোগিতায় ও পরামর্শে তিনি এ উদ্যোগ নেন।

বৃহস্পতিবার সকালে বাইছারা বাজার থেকে বিতারা-অভয়পাড়া অংশের দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কে ইটের খোয়া ও বালু ফেলে এবং রোলার দিয়ে সমতল করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়। এর আগে সড়কটির অন্য একটি অংশেও একইভাবে সংস্কার কাজ করেন ইসমাইল মোল্লা। স্থানীয় বাসিন্দারা জানান, বাইছারা-বিতারা-শিমুলতলী সড়কটি প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ কচুয়া উপজেলা সদর, বাজার ও আশপাশের এলাকায় যাতায়াত করেন। কিন্তু দীর্ঘ ৭-৮ বছর ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। সামান্য বৃষ্টি হলেই ভাঙা অংশগুলোতে পানি জমে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি থাকলেও কাক্সিক্ষত সংস্কার না হওয়ায় সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। বিশেষ করে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল ও মালবাহী যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। কয়েকদিন আগে আলহাজ্ব মো. ইসমাইল মোল্লা চাঁংপুর-শিমুলতলী মোড় থেকে অভয়পাড়া পর্যন্ত সড়কের ভাঙা অংশে ইটের খোয়া ও বালু ফেলে যান চলাচলের উপযোগী করে দেন। এরপর বৃহ¯পতিবার বাইছারা বাজার থেকে অভয়পাড়া পর্যন্ত বাকি অংশেও সংস্কারকাজ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান চৌধুরীসহ এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে আমরা ভোগান্তির মধ্যে ছিলাম। ইসমাইল মোল্লা ব্যক্তিগত উদ্যোগে ২ ধাপে সড়কের ভাঙা অংশ সংস্কার করে আমাদের চলাচলের কষ্ট কিছুটা লাঘব করেছেন। বিশেষ করে উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন ও উপজেলা কৃষক দলের সভাপতি মিজান মোল্লার সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন হওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এলাকাবাসী আরও জানান, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ইসমাইল মোল্লার এমন উদ্যোগ প্রশংসনীয়।

ইসমাইল মোল্লা বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়; এলাকার মানুষের চলাচলের সুবিধার জন্যই এ কাজ করা হয়েছে। সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১ অক্টোবর ২০২৬