বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশের কলেজ, স্কুল ও মাদরাসা পর্যায়ের বাছাই শেষে সেরা ১শ’ জন শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম মঙ্গলবার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা, পাঠদানে আন্তরিকতা এবং শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানে নির্বাচিত করা হয়েছে।
মোহাম্মদ জসীম উদ্দীন শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে সক্রিয়ভাবে স¤পৃক্ত রয়েছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ঘনিষ্ঠ ও একান্ত বিশ্বস্ত মোহাম্মদ জসীম উদ্দিন মাষ্টার বর্তমানে কচুয়ার সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এবং সাচার ইসলামিয়া আলিম মাদরাসা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কচুয়া উপজেলা বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে ১০০ জনকে বিবেচনায় নিয়ে তাদের মধ্যে মোহাম্মদ জসীম উদ্দীন শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাচারসহ কচুয়া উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। তার এ অর্জনে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur