কচুয়া আটমোড়ে ব্যবসায়ী জাকির মৃত্যুতে স্মরণে- শোকসভা ও দোয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার আটমোড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন মিয়াজীর আত্মহননের ঘটনায় গ্রামবাসীর উদ্যোগে বিশেষ শোকসভা এবং দোয়া মাহফিল ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন মিয়াজী সোহেলের সার্বিক আয়োজনে শুক্রবার বিকেলে আটমোড় সরকারী সরকারী বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ, শোক প্রকাশ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ শহীদ উল্যাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মিয়াজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন মিয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এর অনুষ্ঠানের উদ্যোক্তা মোঃ ফারুক মিয়াজী সোহেল। শোকসভায় বক্তারা মরহুম মোঃ জাকির হোসেন মিয়াজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ঋণ ও আর্থিক সংকটের মতো পরিস্থিতিতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও মানবিক সহমর্মিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জাকির হোসেন মিয়াজীর অসহায় পরিবারের পাশে থেকে দেনা-পাওনা আদায়ের বিষয়ে আলাপ-আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহনেওয়াজ সরকার শানু, রাসেল মিয়াজী আজাদ, নাজমুল ইসলাম পাটোয়ারী, কামাল পারভেজ মিয়াজী, বাহাউদ্দিন ভূঁইয়া, শাহ আলম সিকদার, শাহজাহান আকন্দ, শাহীন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ও মোঃ নুর মোহাম্মদ মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর সকালে কচুয়া উপজেলার আটমোড় এলাকার মোল্লা মার্কেটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মোঃ জাকির হোসেন মিয়াজীর মৃত্যু হয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দেনা-পাওনা ও ঋণসংক্রান্ত চাপের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর এ মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে। শোকসভা ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান এবং তাঁদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এ সভার মাধ্যমে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ অক্টোবর ২০২৬