চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-কান্দিরপাড় এলাকার বাসিন্দা ও গ্রাম পুলিশ মো. আব্দুল কাদের নিখোঁজ হওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময়েও তার সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্ত্রী ও পরিবারের ৩ সন্তানরা। বিশেষ করে স্ত্রী ও সন্তানরা প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন ১৫ দিন ধরে।
জানা গেছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আব্দুল কাদের সিএনজিযোগে কচুয়া উপজেলার বারৈয়ারা এলাকা থেকে দাউদকান্দি উপজেলার মলয় বাজারের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পরদিন সকালে স্থানীয় লোকজন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। তবে মোবাইল দুটি পাওয়া গেলেও আব্দুল কাদেরের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের অভিযোগ, জিডি করার পরও তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি। তবে পুলিশ বলছে, নিখোঁজের পর থেকেই তাদের সাধ্য অনুযায়ী আব্দুল কাদেরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
আব্দুল কাদেরের স্ত্রী রাবেয়া আক্তার জানান, তার স্বামী গ্রাম পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি সাচার বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তার স্বামী হুমকি পেয়েছিলেন বলেও দাবি করেন তিনি। এ ঘটনার পর আব্দুল কাদের কিছুটা আতঙ্কের মধ্যে ছিলেন বলে জানান রাবেয়া আক্তার।
তিনি আরও বলেন, স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। কোথায় আছেন, কী অবস্থায় আছেন-কোনো কিছুই জানতে পারছেন না তারা। তিনি তার স্বামীকে জীবিত অবস্থায় দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, “নিখোঁজের পর থেকেই আমাদের সাধ্য অনুযায়ী আব্দুল কাদেরকে খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি। এখনো আমাদের পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।”
এদিকে ১৫ দিন ধরে একজন গ্রাম পুলিশ নিখোঁজ থাকায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত নিখোঁজ আব্দুল কাদেরের সন্ধান বের করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
নিখোঁজ আব্দুল কাদেরের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৯ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur