কচুয়ায় মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামে ঋণ ও আর্থিক দেনার চাপে মাদকাসক্ত যুবক কাজী এমরান হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার শিলাস্থান কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কাজী এমরান হোসেন শিলাস্থান গ্রামের কাজী রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পাশাপাশি বিভিন্ন দেনা-পাওনা ও ঋণের কারণে তিনি আর্থিক চাপে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন এমরান। পরে বুধবার ভোর রাতে তার স্ত্রী মেহেরুননেছা মিশু ঘুম থেকে উঠে তাকে পাশের রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা পুলিশকে খবর দেন।
নিহতের স্ত্রী মেহেরুননেছা মিশু আরও জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েছিলেন। ভোর রাতে ঘুম থেকে উঠে তিনি তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত এমরানের ইফরান হোসেন (২) নামে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। অল্প বয়সে বাবাকে হারিয়ে শিশুটিসহ পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এমরান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিকাশের ব্যবসায় আর্থিক দেনা-পাওনার বিষয়েও ভীষণ চাপে ছিলেন।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৬ সেপ্টেম্বর ২০২৬