চাঁদপুরের কচুয়ায় ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড়ানো ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।
বক্তব্য রাখেন,কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাস্টার দেওয়ান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন প্রমুখ।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেলায় সাধারণ মানুষের জন্য ২টি পৃথক সেবা স্টল চালু করা হয়েছে। এগুলো হলো নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল এবং ভূমি উন্নয়ন কর সেবা স্টল। এসব স্টলে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। অনেকেই মেলায় এসে সরাসরি ভূমি উন্নয়ন কর পরিশোধ ও নামজারির আবেদন করেন। আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় প্রতিদিন সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম, তাৎক্ষণিক সেবা প্রদান ও পরামর্শ সেবা অব্যাহত থাকবে।
-জিসান আহমেদ নান্নু, ১৯ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur