Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে গাজীনগর নদী থেকে বালি উত্তোলন নিয়ে সংবাদ সম্মেলন

হাইমচরে গাজীনগর নদী থেকে বালি উত্তোলন নিয়ে সংবাদ সম্মেলন

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের গাজীনগর এলাকায় নদী থেকে বালি উত্তোলন ও নদী রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা মনির হোসেন জুয়েল।

সংবাদ সম্মেলনে তিনি উপজেলা প্রশাসন ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, গাজীনগর এলাকায় নদী রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় তাকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। তিনি দাবি করেন, ঘটনার দিন কিংবা এর আগে কখনোই তাদের এলাকার নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হয়নি।

জুয়েল আরও বলেন, এ অঞ্চল অতীতেও কয়েকবার নদী ভাঙনের শিকার হয়েছে। নদীতে নতুন চর জেগে ওঠা এবং কিছুদিন পর তা আবার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া এই এলাকার স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এবারও একইভাবে জেগে ওঠা চর প্রাকৃতিক কারণেই নদীতে বিলীন হয়েছে। প্রকৃত নদী রক্ষা বাঁধ এখনও অক্ষত রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, স্থানীয় ব্যবসায়িক ও রাজনৈতিক অন্তর্কোন্দলের কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, “আমি দীর্ঘ ১০ বছর ধরে বালু আনলোডের ব্যবসার সঙ্গে জড়িত। আমরা শিপ থেকে বালু আনলোড করে বিক্রি করি। আনলোডকৃত ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা সম্ভব নয়। আমার মতো আরও অনেক মানুষ এই ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “বালি উত্তোলনের কারণে নদী রক্ষা বাঁধ ভেঙে গেছে—এমন অপপ্রচার চালিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”

-মোঃ আলমগীর হোসেন (আসিফ)/ ১৯ মে ২০২৬