এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেয়ার পরিকল্পনা

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে নেয়ার পরিকল্পনা করছে সরকার ।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

নতুন কারিকুলাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, যদি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেয়া যায়, তাহলে সিলেবাস, কারিকুলাম, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষার পুরো কার্যক্রম একই শিক্ষাবর্ষে শেষ করা যাবে। এরপর জানুয়ারিতেই শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক বা পরবর্তী স্তরে ভর্তি হতে পারবে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য, ডিসেম্বর হবে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের শেষ মাস এবং এ মাসটি পরীক্ষার জন্য নির্ধারিত থাকবে। এ সময় শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা গ্রহণ করবে এবং দ্রুত ফল প্রকাশ করবে। ফল প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করা যাবে।

তিনি আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে একজন শিক্ষার্থী ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করতে পারবে। পাশাপাশি সেশনজট ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ তৈরি হবে।

নতুন কারিকুলাম কবে থেকে কার্যকর হতে পারে- এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকার এ বিষয়ে কাজ করছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

তিনি বলেন, এখন মূল বিষয় হলো ভবিষ্যৎ শিক্ষা কাঠামো কেমন হবে, তা নির্ধারণ করা। সরকার চায় ডিসেম্বরেই শিক্ষাবর্ষ শেষ হোক এবং সেই লক্ষ্যেই পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে।

৪ মে ২০২৬

এ জি