ইসরাইলের গুলিতে ফিলিস্তিনি ফুটবলার নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ফাদি হামদাল্লাহ আল-নাসান (১৭) মারা গেছেন।

তার পরিবার, স্থানীয় প্রশাসন এবং ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ১১ জুলাই পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার সময় ফাদি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ চিকিৎসার পর শনিবার (১৮ জুলাই) তার মৃত্যু হয়।

ফাদি আল-নাসান ফিলিস্তিনের জাতীয় যুব দলের নিয়মিত সদস্য ছিলেন এবং স্থানীয় আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলতেন। হামলার পর তার ঊরুতে গুরুতর আঘাত লাগায় চিকিৎসকদের একটি পা কেটে ফেলতে হয়। শেষ পর্যন্ত সেই আঘাত থেকে সৃষ্ট জটিলতায় তিনি মারা যান বলে জানিয়েছে পিএফএ।

শনিবার রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে তার মরদেহ নিজ গ্রাম আল-মুঘাইয়িরে নেওয়া হয়। পরে সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

ফাদির বাবা হামদাল্লাহ আল-নাসান জানান, হামলার সময় আশপাশের মেয়েদের চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে ছুটে যায় তার ছেলে। সেখানেই গুলিবিদ্ধ হয় সে।

মা হানান আল-নাসান বলেন, ‘আমার ছেলে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। সবাই তাকে স্নেহ করত।’

এক বিবৃতিতে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে সংঘাতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনের ১ হাজার ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬৮ জন ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন বলে সংগঠনটির দাবি।

ফাদির মৃত্যুর পর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতিস্থাপনকারী ও নিরাপত্তা বাহিনীর সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ বলে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে উল্লেখ করে আসছে। তবে এ বিষয়ে ইসরায়েলের অবস্থান ভিন্ন।

সূত্র: আল জাজিরা