ইলিশ শিকার দায়ে চাঁদপুরে আটক ৪০ জেলে

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশ শিকারের অভিযোগে ৪০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। তাদের মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকি সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার অভয়াশ্রম এলাকায় অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, মাছ ধরার ১০টি নৌকা ও সাত কেজি ইলিশ জব্দ করা হয়।

ওসি মো. আজমগীর হোসেন বলেন, আটক ৪০ জেলের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৩ জনের বিরুদ্ধে ১২টি নিয়মিত মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নৌকাগুলো থানা হেফাজতে রয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। মামলার আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

স্টাফ করেসপন্ডেট/
২৮ অক্টোবর ২০২৬