২৪ ঘণ্টার মধ্যে হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাঁকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া
হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
হাইকোর্টের দেওয়া জামিনে গত ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মামলার অন্যতম অভিযুক্ত হাফিজুর রহমান (৫২)। এর আগে দীর্ঘ প্রায় ১০ বছর পর গত ২২ এপ্রিল পিবিআইয়ের হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর তাঁর ডিএনএ নমুনা
সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
হাইকোর্টের ওই জামিন আদেশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ সন্ধ্যায় চেম্বার আদালতের বিশেষ অনুমতি নিয়ে আবেদনটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল সংবাদমাধ্যমকে জানান, চেম্বার বিচারপতি আসামির জামিন আদেশ স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ করতেব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি আদালত এই আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে খুন হন কলেজছাত্রী সোহাগী জাহান তনু।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
৭ আগস্ট ২০২৬