আজ শুরু ডিপিএল
আজ থেকে দেশের ছয়টি ভেন্যুতে শুরু হচ্ছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় লিস্ট ‘এ’ ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ । এটি দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম।
লিগের উদ্বোধনী দিনে বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ঢাকা লেপার্ডস, বিকেএসপি-৩-এ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সিটি ক্লাব, ইউল্যাব মাঠে লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ব্রাদার্স ইউনিয়ন এবং পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে খেলবে লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
দিনের অন্য দুই ম্যাচে বিকেএসপি-২’এ খেলবে গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স এবং বিকেএসপি-৪-এ লড়বে অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, প্রতিটি রাউন্ড থেকে চারটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
সংশোধিত কাঠামো অনুযায়ী প্রতিযোগিতায় ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পূর্বে অনুষ্ঠিত হতো ৬৯টি। রেলিগেশন লিগ বাতিল হওয়ায় ৩টি ম্যাচ কমে গেছে।
এবারের ডিপিএলে রেলিগেশন পর্ব থাকছে না। তারপরও পয়েন্ট টেবিলের ভিত্তিতে রেলিগেশনের দল ঠিক করা হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের তলানির দুই দল প্রথম বিভাগ ক্রিকেটে নেমে যাবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থানে থাকা দল রানার্স-আপ হবে।
ঢাকা লিগ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে পরিচিত এবং অংশগ্রহণকারী ১২টি দলের প্রায় ২শ জন ক্রিকেটারের এটি আয়ের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়।
মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী লিমিটেড এবং ঢাকা লেপার্ডসের মতো ঐতিহ্যবাহী দলগুলো শক্তিশালী দল সাজিয়েছে। অন্যান্য দলগুলোও লড়াকু দল গড়েছে।
৮ মে থেকে পাকিস্তানের বিপক্ষে দু ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ায় বেশ কয়েকজন খেলোয়াড়কে পাওয়া যাবেনা। টেস্ট সিরিজের পর সবাইকে পাওয়ার আশা করা হচ্ছে।
৪ মে ২০২৬
এ জি