কুমিল্লা র‌্যাব -১১ এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট-গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বিদেশী সিগারেট ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ । অভিযানে চোরাচালান ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। এ অভিযান র‌্যাব ১ লাখ ৯৪ হাজার পিস বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ভোর রাত ও সকালে কুমিল্লা জেলার বুড়িচং ও কোতয়ালী মডেল থানা এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২-এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানগুলো পরিচালনা করে ।

সাদমান ইবনে আলম,মেজর ,উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক স্বাক্ষরিত ৬ আগস্ট প্রেরিত এক তথ্যে এ অভিযানের চিত্র ঊঠে এসেছে ।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ দল কুমিল্লা জেলার বুড়িচং থানার ময়নামতি সাহেববাজার এলাকায় একটি চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে চোরাকারবারিদের ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ এক লক্ষ চুরানব্বই হাজার পিস অবৈধ বিদেশী সিগারেট উদ্ধার করা হয় ।

পৃথক আরেকটি অভিযানে বৃহস্পতিবার সকালে কোতয়ালী মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের আভিযানিক দলটি । সেখান থেকে মো. বিল্লাল হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় । এ সময় তার হেফাজত থেকে ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন কুমিল্লার কোতয়ালী মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে । গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। ডিসিকে

প্রসঙ্গত , র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ- ডাকাত, মাদক চোরাচালানকারী, অপহরণকারী, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে চাঞ্চল্য সৃষ্টিকারী কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

৭ আগস্ট ২০২৬
এ জি