অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চাঁদপুর জেলা পুলিশের অভিযানে আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চক্রটির মোট ১১ জন গ্রেপ্তার হলো। এর আগে বিভিন্ন সময়ে চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রামের সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। সন্দ্বীপ থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহারাজ শীলের বাড়ির শ্রী শান্ত শীল (২৫) এবং আমানউল্লাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার গোপাল মেম্বারের বাড়ির মিঠুন সূত্রধর (২৯)।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আনছার উল্লাহ। অভিযানে এসআই জিয়াউল হক জিয়া, এএসআই মো. ইলিয়াস ও এএসআই জহির উদ্দিনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তি ইলিশ বিক্রির নামে প্রতারণা করা চক্রটির সহযোগী হিসেবে কাজ করতেন। তারা চক্রের ফেসবুক প্রচারণা, পেজের পোস্ট বুস্ট করা এবং ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন।
অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার দুই আসামিকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে এর আগে বিভিন্ন সময়ে এ চক্রের আরও ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ দুইজনসহ এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
প্রতিবেদক: আশিক বিন রহিম,
৪ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur