Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফরিদগঞ্জ প্রেসক্লাবের বিবৃতি

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফরিদগঞ্জ প্রেসক্লাবের বিবৃতি

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক কালবেলা ও চাঁদপুর প্রতিদিন-এর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার, মিথ্যাচার এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।

এক প্রতিবাদ বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আবদুল কাদির দীর্ঘদিন ধরে পেশাগত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার এই পেশাগত সুনাম ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নানা অপচেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৫ মে বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার পরিবর্তে তার সদ্য দাখিল পাস করা ছেলে শ্রেণিকক্ষে পাঠদান করছেন-এমন অভিযোগের ভিত্তিতে কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। অনুসন্ধানকালে বিভিন্ন অসঙ্গতি উঠে আসে।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রাথমিক শিক্ষা বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রদানের নির্দেশ দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ মনে করেন, জনস্বার্থে প্রকাশিত ওই সংবাদ ও পরবর্তী প্রশাসনিক পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে একটি মহল  আবদুল কাদিরের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মামুনুর রশিদ পাঠান বিবৃতিতে জানান, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ রক্ষার স্বার্থে সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকা সবার নৈতিক দায়িত্ব। একই সঙ্গে এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।

ফরিদগঞ্জ প্রতিনিধি/৩ জুন ২০২৬