Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার
মেঘনায়

মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট লঞ্চ জেটিতে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া মো. রবিনের (৩৬) লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা ডুবুরি দলের সদস্যরা লঞ্চঘাটের জেটির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।রবিনের লাশ উদ্ধারের খবরেও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিখোঁজ রবিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর মোল্লাবাড়ি এলাকায়।

স্বামীর নিখোঁজের খবর পেয়ে শুক্রবার লঞ্চঘাটে ছুটে আসেন রবিনের স্ত্রী নাসরিন। নাসরিন স্বামীর খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন । রবিনের স্ত্রী নাসরিন জানান, তার স্বামী নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তার চাকরি চলে যায়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর)সকাল ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ ঘাটের জেটিতে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি থেকে মেঘনা নদীতে পড়ে রবিন নিখোঁজ হয়। ২৬ ঘণ্টার অভিযান শেষে লঞ্চঘাটের জেটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক/
২৬ সেপ্টেম্বর ২০২৬