চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের বিভিন্ন স্থানে স্থাপন করা স্ট্রিট লাইটের বাল্ব চুরি হয়ে যাওয়ায় রাতে অন্ধকারে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। এতে সড়কটিতে চুরি-ছিনতাই ও ডাকাতির আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮-৯ বছর আগে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের কচুয়া থেকে বারৈয়ারা পর্যন্ত সড়কের দুই পাশে চুরি-ডাকাতি প্রতিরোধ এবং রাতের বেলায় পথচারী ও যানবাহন চলাচল নিরাপদ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্ট্রিট লাইট স্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে এসব লাইট রাতে সড়কে আলো দিয়ে আসছিল। ফলে রাতের বেলায় এ সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও স্থানীয়দের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়েছিল। তবে গত ৩-৪ দিন ধরে সড়কের বিভিন্ন স্থানে স্ট্রিট লাইটগুলোতে আলো জ্বলছে না। বিশেষ করে চাঁংপুর শিমুলতলী মোড় থেকে বাতাপুকুরিয়া পর্যন্ত স্থাপিত ১০টি স্ট্রিট লাইটের মধ্যে ৮টি লাইটের বাল্বেও মাথা ভেঙে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে সন্ধ্যার পর ওই সড়কের একটি অংশ অন্ধকারে ডুবে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, স্ট্রিট লাইটগুলো সচল থাকায় রাতে সড়কে চলাচলকারী মানুষজন কিছুটা নিরাপত্তাবোধ করতেন। কিন্তু বর্তমানে লাইটের বাল্ব চুরি হয়ে যাওয়ায় সড়কের ওই অংশে রাতের বেলায় অন্ধকার নেমে আসে। এ সুযোগে যাত্রী ও চালকরা চুরি, ছিনতাই কিংবা ডাকাতির কবলে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তারা।
বিশেষ করে রাতের বেলায় মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি, পিকআপ ও অন্যান্য যানবাহন চলাচলের সময় অন্ধকারের কারণে চালকদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। একই সঙ্গে পথচারীদের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এলাকাবাসী দ্রুত চুরি যাওয়া বাল্বগুলো প্রতিস্থাপন করে স্ট্রিট লাইটগুলো পুনরায় সচল করার দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারি সম্পদ চুরি বা নষ্ট করার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিতারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে পুনরায় ওই স্ট্রিট লাইটগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur