আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে মেঘনাপাড়ের এই ঐতিহ্যবাহী শহরে রাজনৈতিক আবহ উত্তপ্ত হতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী ঘোষণার প্রাথমিক আলোচনাতেই তৃণমূলের সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল মেয়র প্রার্থী হিসেবে নিজের উপস্থিতির কথা জানান দিয়ে সর্বমহলে এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে স্থানীয় তরুণ ও সাধারণ ভোটারদের মাঝে জোর আলোচনা চলছে, যা তাঁকে এখন পৌরসভার টক অব দ্য টাউনে পরিণত করেছে।
রাজনৈতিক জীবন ও পরিচিতি কাজী ইব্রাহীম জুয়েলের রাজনৈতিক জীবনের সূচনা হয় একদম তৃণমূল পর্যায় থেকে। পারিবারিক সূত্রের রাজনৈতিক আবহে বেড়ে ওঠা এই নেতা ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের সাথে নিজের সর্বোচ্চটা দিয়ে সম্পৃক্ত থাকার সুবাদে শুধু চাঁদপুর পৌরসভাতেই নয় পুরো চাঁদপুর জেলাতেই রয়েছে যার সুনাম।
এদিকে সম্প্রতি চাঁদপুর পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে কাজী ইব্রাহীম জুয়েলের নাম আসার পরপরই সোস্যাল মিডিয়া জুড়ে তাঁর অনুসারী, সাধারণ নাগরিক ও তরুণ প্রজন্মের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা ও সমর্থনের ধারা দেখা গেছে।
পৌরসভার ভোটারদের মাঝে একটি বড় অংশ মনে করেন, দীর্ঘদিনের রাজপথের অভিজ্ঞতা ও ক্লিন ইমেজ জুয়েলকে অন্যান্য প্রার্থীর তুলনায় এগিয়ে রাখছে। ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর ব্যানার, ফেস্টুন এবং রাজনৈতিক সংগ্রামের ইতিহাস শেয়ার করে সমর্থকরা চাঁদপুর শহরকে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার বার্তা দিচ্ছেন।
দীর্ঘকাল পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তাঁর তৃণমূলীয় ভিত্তি বেশ মজবুত বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত ও দলীয় সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলে দেবে। তবে কাজী ইব্রাহীম জুয়েলের এই প্রাথমিক উপস্থিতি ও পৌরবাসীর মধ্যে তাঁকে ঘিরে তৈরি হওয়া আগ্রহ নির্বাচনকে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক ও গতিশীল করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে।
স্টফ রিপোর্টার/
২৩ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur