Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান
প্রান্তিক

ফরিদগঞ্জে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান

গ্রামবাংলার প্রথাগত ও ঐতিহ্যবাহী পেশাজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন, উৎপাদিত পণ্যের আধুনিকায়ন এবং তাঁদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে সম্পন্ন হয়েছে ১০ দিনব্যাপী বিশেষ পেশাভিত্তিক ‘সফটস্কিল’ প্রশিক্ষণ।

সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ পর্যায়) প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। গত ১৪ সেপ্টেম্বরে শুরুহয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ নিবিড় কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণ সমাপনী ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন বাশির ও সহকারী পরিচালক শফিউদ্দিন মিতুল।

১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন সেশনে উপস্থিত থেকে প্রান্তিক পেশাজীবীদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ হান্নান, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল আমিন তালুকদার, উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান, সাংবাদিক শিমুল হাছান, এসএম ইকবাল ও গাজী মমিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বংশানুক্রমে গড়ে ওঠা গ্রামবাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প, কামার, বাঁশ-বেত ও কাঁসা-পিতল শিল্প কিংবা জুতা মেকানিকের (মুচি) মতো পেশাগুলো আধুনিকতার প্রভাবে আজ বিলুপ্তির মুখোমুখি। প্রযুক্তি ও দক্ষতার অভাবে পিছিয়ে পড়া এই প্রথাগত পেশাজীবীদের টিকিয়ে রাখতে আধুনিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, ২০১৭ সাল থেকে সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিক কাজ করছে। এর অংশ হিসেবে দেশের কামার, কুমার, নাপিত, বাদ্যযন্ত্র প্রস্তুতকারক ও নকশিকাঁথাসহ ঐতিহ্যবাহী লোকশিল্পে যুক্ত মানুষদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা নতুন কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা নির্বাচিত ৩০ জন প্রান্তিক নারী-পুরুষের প্রত্যেকের হাতে এককালীন ১৮ হাজার টাকার আর্থিক অনুদানের চেক ও প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন জাতীয় প্রকল্প পরিচালকসহ উপস্থিত অতিথিরা।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ সেপ্টেম্বর ২০২৬