Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ভারতে ক্রমশ শক্তি বাড়াচ্ছে সাইক্লোন নিসর্গ

ক্রমশ শক্তি বাড়াচ্ছে সাইক্লোন নিসর্গ। মনে করা হচ্ছে, বুধবার আছড়ে পড়বে ভারতের মহারাষ্ট্র উপকূলে। শুধু মহারাষ্ট্রেই নয়, গুজরাট উপকূলেও ব্যাপক ধ্বংসলীলা চালাবে এই ঝড়। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনের চেহারা নেবে এই ঘূর্ণিঝড়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রথমে উত্তরমুখী পড়ে অভিমুখ পরিবর্তন করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শেষ পর্যন্ত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয় এটি মহারাষ্ট্রের রায়গর এর কাছে হরিহরেশ্বর ও দমনের মাঝে উপকূলে আছড়ে পড়বে। উপকূলে আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। যুদ্ধকালীন তত্‍পরতায় উপকূলবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে মানুষজনকে।

সংবাদসংস্থা জানাচ্ছে, এরই মধ্যে গুজরাট উপকূল থেকে ২০ হাজার মানুষকে সরানো হয়েছে। প্রাণহানি এড়াতে আরও মানুষজনকে সরানো হচ্ছে। তৈরি রয়েছেন কোস্ট গার্ড এবং ইন্ডিয়ান নেভি। জাতীয় বিপর্যয় মোকাবেলা দলকেও তৈরি রাখা হয়েছে। সাইক্লোনের তাণ্ডব কিছুটা ঠান্ডা হলেই উদ্ধার কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে।

কালেক্টর কৈলাশ সিন্দে জানিয়েছেন, মোট ৫৭৭টি মত্‍স্যজীবীদের বোট সমুদ্রে গিয়েছিল তবে সোমবার পর্যন্ত ৪৭৭টি ফিরে এসেছে। বাকিরা এখনও ফেরেনি বলেই জানা গেছে। সেই কারণে যথেষ্ট চিন্তায় স্থানীয় প্রশাসন। কোস্ট গার্ডকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।

এদিকে, নিসর্গ নামটি দিয়েছে বাংলাদেশ। তবে এ সামুদ্রিক ঝড় বাংলাদেশ পর্যন্ত আসবে না। তারপরও ঝড়ের প্রভাব পড়বে এ দেশের আবহাওয়ায়। বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, নিসর্গের প্রভাবে দেশে ভ্যাপসা গরম বিরাজমান থাকবে কয়েকদিন। ঝড়-বৃষ্টি যেভাবে হচ্ছে, সেভাবেই হবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, নিসর্গ বাংলাদেশে তো আসবেই না। ভারতের মধ্যভাগেই শেষ হয়ে যাবে। তবে আমাদের বর্ষা মৌমুস আটকে দিয়েছে এ ঝড়। এর কারণেই বর্ষাটা দেশের অভ্যন্তরে আসতে পারছে না। বঙ্গোপসাগরেই আটকে আছে। কয়েকদিন দেরিতে দেশের অভ্যন্তরে আসবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে তুমুল আন্দোলন চলছে

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে তুমুল আন্দোলন চলছে। সোমবারও মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

মার্কিন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসময় স্টান গ্রেনেড, টিয়ার শেল ব্যবহার করে আন্দোলনকারীদের হোয়াইট হাউজের সামনে থেকে সরিয়ে দেয়। হোয়াইট হাউজের সামনে থেকে আন্দোলনকারীদের সরানো পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পায়ে হেঁটে বিক্ষোভে ক্ষতিগ্রস্ত সেন্ট জনস চার্চ পরিদর্শনে যান।

এদিকে সংবাদ সম্মেলনে রাজ্য সম্মেলন ট্রাম্প বলেছেন, রাজ্য সরকারেরা চলমান বিক্ষোভ না থামাতে পারলে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

এ সময় ট্রাম্প রাজ্য সরকারদের বিক্ষোভ দমনে পর্যাপ্ত ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দ্রুত সমস্যার সমাধান করুন।

জর্জ ফ্লয়েডের মৃত্যু পুলিশের হাঁটু চাপায় শ্বাসকষ্টে হয়েছে

পুলিশের নির্যাতনের শিকার হওয়া আফ্রিকান–আমেরিকান ফ্লয়েডের মৃত্যু শ্বাসকষ্টেই হয়েছে।একটি বেসরকারি সংস্থার ময়নাতদন্তে এমন ফলাফলের কথা জানানো হয়। সোমবার রাতে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড (৪৬) নামের আফ্রিকান-আমেরিকান এক ব্যক্তিকে ২৫ মে গ্রেপ্তার করতে গিয়ে নির্যতন করেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। এতে সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়।

ফ্লয়েডের পরিবারের নিয়োগ করা বেসরকারি সংস্থার ময়নাতদন্তের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায় ফ্লয়েডের মৃত্যু শ্বাসকষ্টেই হয়েছে।

পরিবারের নিয়োগ দেওয়া ওই প্রতিষ্ঠানের ডাক্তারি প্রতিবেদনে বলা হয়, ফ্লয়েডের মৃত্যু গলা ও ঘাঁড়ে চাপ প্রয়োগে শ্বাস বন্ধ হওয়ার কারণেই হয়েছে।

এ দিকে জর্জ ফ্লয়েডের মৃত্যু পরবর্তী বিক্ষোভে উত্তাল পুরো আমেরিকা। বর্ণবাদবিরোধী ক্ষুব্ধ মানুষের উত্তাল আন্দোলন থামছে না। পরিস্থিতি সামাল দিতে আমেরিকার অন্তত ৪০টির বেশি নগরীতে কারফিউ জারি করতে হয়েছে।

বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। গত ২৯ মে রাতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে আন্দোলন সহিংস হয়ে ওঠে। হোয়াইট হাউসের উত্তর গেট থেকে বোতল ও ইটপাটকেল ছোড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন।

রাতে সিক্রেট সার্ভিসের কর্মীরা তাঁকে হোয়াইট হাউসের নিচে থাকা বাঙ্কারে নিয়ে যান। ওই দিন পুরো রাত প্রেসিডেন্ট ট্রাম্প ওই বাঙ্কারেই কাটিয়েছেন।

করোনার সংক্রমণে বিপর্যস্ত আমেরিকায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি বেকারত্ব চলছে। নগরী ও রাজ্যগুলো থেকে লকডাউন শিথিল করার সময়ে এমন বিক্ষোভ দ্রুতই উত্তাল হয়ে উঠেছে। চলমান এই আন্দোলন মাসব্যাপী চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

বার্তা কক্ষ, ২ জুন ২০২০

দুর্বল হচ্ছে করোনাভাইরাস !

করোনাভাইরাসে ইতোমধ্যে বিশ্বব্যাপি প্রায় ৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এ ভাইরাসে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন আর মৃত্যু বরণ করছে। তবে এ ভাইরাসটি তার শক্তি হারিয়ে ফেলছে বলে দাবি করেছেন এক ইতালীয় চিকিৎসক।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো গতকাল রোববার দেশটির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন।

ডা.আলবার্তো জাংরিলো বলেন, ‘বাস্তবতা হলো ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দু’ মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।’

তিনি বলেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।’

মাত্তিও বাসেটি নামে ইতালির অপর এক চিকিৎসকও জাংরিলোর মতোই কথা বলেছেন। এএনএসএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘দু’ মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।’

মে মাসের শুরুতে ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল। তবে মে’র শেষ দিকেই দেশটিতে করোনা ভাইরাস বেশ নিয়ন্ত্রণে এসেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন।

বার্তা কক্ষ , ১ জুন ২০২০

কোয়ারেন্টাইন শেষে ৯৪ বছর বয়সী রাণী এলিজাবেথ ঘোড়ার পিঠে

৯৪ বছরের রাণী এলিজাবেথ কোয়ারেন্টাইন পর্বের পর প্রথমবার আনঅফিসিয়াল মেজাজে হাজির হয়েছেন। উইন্ডসর ক্যাসলের বাইরে ১৪ বছর বয়সী একটি ঘোড়ায় সওয়ার হতে দেখা গেল তাকে। পরেছেন জ্যাকেট, লম্বা প্যান্ট ও জুতা। মাথায় জড়িয়েছেন রঙিন স্কার্ফ। তবে মাথায় হেলমেট ছিল না।

রাণীর ঘোড়ায় চড়ার ছবিটি সোশ্যাল মিডিয়ায় রোববার (৩১ মে) শেয়ার করে বাকিংহাম প্যালেস। কোভিড-১৯ পরিস্থিতির এক পর্যায়ে এই প্রাসাদে অর্ধবিচ্ছিন্ন অবস্থায় থাকছিলেন তিনি।

সর্বশেষ ১০ সপ্তাহ স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে বাড়িতেই ছিলেন রানি। এর মাঝে ২১ এপ্রিল খুবই ছোট পরিসরে জন্মদিন পালন করেন। এ সময় উচ্চ-প্রযুক্তির ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবারের কিছু সদস্য উদযাপনে অংশ নেয়।

রাণী এলিজাবেথ এখন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা শাসনকর্তা। ৬৮ বছর ধরে মাথায় মুকুট পরা এই রানির নিত্যদিনের রুটিনের মধ্যে রয়েছে ঘোড়ায় চড়া। মহামারি সত্ত্বেও এই অভ্যাসে খুব একটা ছেদ পড়েনি।

লকডাউনের পর রানিকে দুইবার টেলিভিশনে দেখা যায়। প্রথমবার আইসোলেশনের খবর নিশ্চিত করে জনগণকে জানান, আবার দেখা হবে। দ্বিতীয়বার আসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের স্মরণে ৭৫তম ভি ডে উদযাপনে।

বার্তা কক্ষ, ১ জুন ২০২০

আম্পানের ক্ষত না শুকাতেই আসছে আরেক ঘূর্ণিঝড়

দড়কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে বয়ে গেছে শক্তিশালী সুপার সাইক্লোন আম্পান। এবার আম্পানের ক্ষত না শুকাতেই আসছে আরেক ঘূর্ণিঝড়। যদিও ঝড়টির উৎপত্তি হবে আরব সাগরে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর দেশটির পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। রোববার (৩১ মে) ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। এটি এখন আরব সাগরে শক্তিশালী হচ্ছে।

তবে সতর্কবার্তা পেয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আম্পানের তাণ্ডবের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ওই দুই রাজ্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতিমধ্যে রাজ্য দুটির মৎস্যজীবীদের ৫ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। দপ্তরের সাইক্লোন বিভাগের প্রধান সুনীতা দেবী জানিয়েছেন, আরব সাগর এলাকায় দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য অঞ্চলে একটি ঝড়ের সূত্রপাত হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে। এরপর আরও ২৪ ঘণ্টার মধ্যে তা ‘সাইক্লোনিক স্টর্ম’ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সুনীতা দেবী বলেন, ‘নিম্নচাপে পরিণত হওয়ার পর উত্তরের দিকে এগিয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি। আগামী ৩ জুন তা আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলে।’ ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলীয় এলাকায় ২ থেকে ৪ জুন, উত্তর উপকূলে ২ থেকে ৩ জুন এবং গুজরাট, দমন-দিউ, দাদরা ও নগর হাভেলিতে ৩ থেকে ৫ জুন ভারী থেকে অতিভারী বর্ষণ হবে। এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে।

আইন না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

করোনার প্রকোপ গোটা বিশ্ব জুড়ে। করোনাকে রুখতে বিশ্বের প্রতিটি দেশ বেশ কিছু নিয়ম নীতি তৈরি করেছে। এবার রোমানিয়ায় এসব নিয়ম না মানায় জরিমানা গুণতে হয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুদোভিচ অর্বানকে।

করোনা মোকাবেলায় মাস্ক পরিধান করা এবং প্রকাশ্যে ধূমপান না করার প্রতি নিয়ম জারি করেছে রোমানিয়া। গেল সোমবার দুইটো নিয়ম অমান্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী। সে কারণে তাকে ৬৯০ ডলার অর্থাৎ প্রায় ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয় রোমানিয়ার প্রধানমন্ত্রীর। সেখানে দেখা যায় নিজ কার্যালয়ে মাস্ক না পরে বসে আছেন তিনি। তার সামনে বসে আছেন মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য। কেউ-ই মাস্ক পরেননি। তারা সবাই নিজ নিজ মাস্ক খুলে টেবিলে রেখে দিয়েছিলেন। পাশাপাশি সেখানে প্রকাশ্যে ধূমপান করছিলেন অর্বান। এই ছবি নিয়ে তুমুল সমালোচনার মুখে অর্বান জানান, ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে মন্ত্রী পরিষদের সদস্যরা দেখা করতে এসেছিলেন।

এই ঘটনার জের ধরে ৩০ মে জরিমানা পরিশোধ করেছেন অর্বান।

বার্তা কক্ষ,৩১ মে ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব রকমের সম্পর্ক শেষ করল যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে বলেছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই এমন হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এবার তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘জরুরীভাবে নিজেদের সংস্কারে তারা আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরৎ এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়নের দরকার সেখানে খরচ করা হবে।’

করোনাভাইরাস ইস্যুতে চীনের কাছে জবাব চেয়ে ট্রাম্প বলেন, ‘ভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে।আমাদের স্বচ্ছতা থাকা উচিৎ।’

ট্রাম্প অভিযোগ করে বলেন, করোনাভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। তিনি আরও বলেন, বিশ্বকে ‘বিভ্রান্ত’ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিল চীন।

সৌদিতে মাস্ক ছাড়া বের হলে জরিমানা : আজ থেকে খুলছে মসজিদ

করোনা মোকাবিলায় সফলতার পথে সৌদি আরব। আক্রান্তের চেয়ে সুস্থ দ্বিগুন। প্রতিদিনই বাড়ছে সুস্থতার সংখ্যা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী মাসে করোনামুক্ত ঘোষণা করতে পারে দেশটি।
আজ রোববার ৩১ মে থেকে সৌদি আরবে বাইরে বের হলে মাস্ক পরতে হবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। শরীরের তাপমাত্রা পরিমাপেও বাঁধা প্রদান করা যাবেনা। না হয় গুনতে হবে জরিমানা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে বসবাসরত সকলের জন্য একই নিয়ম। এই নিয়ম অমান্যকারিকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের কর্মী মাস্ক না পরলে জরিমানা করা হবে দশ হাজার রিয়াল। ৩০ মে শনিবার মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্বের ঘোষণা অনুযায়ী পবিত্র মক্কা নগরী ব্যতিত সকল অঞ্চলে আজ সকাল ৬ টা থেকে রাত আটটা পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত সহ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা যাবে। সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারী ও বেসরকারী অফিস খুলছে। কিন্তু বিউটি পার্লার, সেলুন, স্পোর্টস ও হেলথ ক্লাব, সকল ধরনের বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স এখনি খুলছে না।

সেই সাথে চালু হচ্ছে অভ্যন্তরীণ তেরোটি বিমান চলাচল। প্রতিদিন ষাটটি বিমান চলাচল করবে বলে জানিয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন। বিমানগুলো ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করবে। কিন্তু ভাড়া আগের মতোই থাকবে। তবে, কোন আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ঘোষণা দেওয়া হয়নি।

৩১ মে থেকে ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া মদিনা মসজিদে নববী সহ নব্বই হাজার মসজিদ। শতকরা চল্লিশ শতাংশ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন। কিন্তু মক্কার মসজিদুল হারাম সহ এই নগরীর মসজিদ গুলো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া হবে ২১ জুন থেকে।

২১ জুন থেকে জনজীবন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ ।

সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ছাড়ালো ৬০ লাখ

নভেল করোনাভাইরাস বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। ইতোমধ্যে প্রাণঘাতী এ ভাইরাসটি বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজারের কাছাকাছি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (আজ ৩০ মে, শনিবার সকাল সাড়ে ৯টা) সারাবিশ্বে ৬০ লাখ ৩১ হাজার ২৩ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ইতোমধ্যে ৩ লাখ ৬৬ হাজার ৮১২ জন মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৯ হাজার ২৭০ জন।

এছাড়া এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩০ লাখ ৪ হাজার ৯৪১ জন । এদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৫৩ হাজার ৭৩৪ জন।

আক্রান্ত ও প্রাণহানির হিসেবে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৫৩০ জন। যাদের ১ লাখ ৪ হাজার ৫৪২ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ১৯ হাজার ৫৬৯ জন। ১১ লাখ ৬৯ হাজার ৪১৯ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, এদের ১৭ হাজার ২০৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

আক্রান্তের হিসেবে দ্বিতীয় ও মৃতের হিসেবে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। লাতিন আমেরিকার বৃহৎ এ দেশটিতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত ৪ লাখ ৪৮ হাজার ৩৩৮ জন ও মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৪৪ জনের। বিপরীতে ১ লাখ ৯৩ হাজার ১৮১ জন সুস্থ হয়েছেন। এখনো চিকিৎসাধীন ২ লাখ ৪৭ হাজার ২১৩ জন, যাদের ৮ হাজার ৩১৮ জন আছেন গুরুতর অবস্থায়।

আক্রান্তের হিসেবে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। সেখানে আক্রান্ত ৩ লাখ ৮৭ হাজার ৬২৩ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৪ জনের। দেশটিতে সুস্থ ১ লাখ ৫৯ হাজার ২৫৭ জন, চিকিৎসাধীন ২ লাখ ২৩ হাজার ৯৯২ জন ও গুরুতর অবস্থায় আছেন ২ হাজার ৩০০ জন।

আক্রান্তের হিসেবে চতুর্থ ও ও মৃতের হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৮৫ হাজার ৬৪৪ জন ও মোট মৃত ২৭ হাজার ১২১ জন। অবশ্য সেখানে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬১ হাজার ৫৬৫ জন । যাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৬১৭ জন।

আক্রান্তের হিসেবে পঞ্চম হলেও মৃতের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। সেখানে ২ লাখ ৭১ হাজার ২২২ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৮ হাজার ১৬১ জন। এখনো ১ হাজার ৫৫৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

মৃতের হিসেবে তৃতীয় অবস্থানে থাকা ইতালি রয়েছে আক্রান্তের হিসেবে ষষ্ঠ স্থানে। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ২৪৮ জন। এদের ৩৩ হাজার ২২৯ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫২ হাজার ৮৪৪ জন। এখনো চিকিৎসাধীন ৪৬ হাজার ১৭৫ জন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৪৭৫ জন।

আক্রান্তের হিসেবে সপ্তম স্থানে থাকা ফ্রান্স আছে মৃতের হিসেবে চতুর্থ স্থানে। সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৮৩৫ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৮ হাজার ৭১৪ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৮০৩ জন করোনারোগী। এখনো চিকিৎসাধীন ৯০ হাজার ৩১৮ জন, যাদের ১ হাজার ৩৬১ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া বেলজিয়ামে ৯ হাজার ৪৩০ জন, মেক্সিকোতে ৯ হাজার ৪১৫ জন, জার্মানিতে ৮ হাজার ৫৯৪ জন, ইরানে ৭ হাজার ৬৭৭ জন, কানাডায় ৬ হাজার ৯৭৯ জন, নেদারল্যান্ডসে ৫ হাজার ৯৩১ জন, ভারতে ৪ হাজার ৯৮০ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, তুরস্কে ৪ হাজার ৪৮৯ জন, সুইডেনে ৪ হাজার ৩৫০ জন, পেরুতে ৪ হাজার ২৩০ জন, ইকুয়েডরে ৩ হাজার ৩৩৪ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ নামের ভাইরাসটি।

আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে মারা গেছে ১ হাজার ৯১৯ জন, আয়ারল্যান্ডে ১ হাজার ৬৪৫ জন, ইন্দোনেশিয়ায় ১ হাজার ৫২০ জন, পর্তুগালে ১ হাজার ৩৮৩ জন, পাকিস্তানে ১ হাজার ৩১৭ জন, রোমানিয়ায় ১ হাজার ২৪৮ জন, পোল্যান্ডে ১ হাজার ৫১ জন, চিলিতে ৯৪৪ জন, ফিলিপাইনে ৯৪২ জন, মিসরে ৮৭৯ জন, জাপানে ৮৭৪ জন, কলম্বিয়ায় ৮৫৩ জন, ইউক্রেনে ৬৭৯ জন, অস্ট্রিয়ায় ৬৬৮ জন, আলজেরিয়ায় ৬৩৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৬১১ জন, বাংলাদেশে ৫৮২ জন, ডেনমার্কে ৫৬৮ জন, হাঙ্গেরিতে ৫১৭ জন, আর্জেন্টিনায় ৫২০ জন, ডোমিনিকান রিপাবলিকে ৪৮৮ জন, সৌদি আরবে ৪৫৮ জন, পানামায় ৩২৬ জন, চেক রিপাবলিকে ৩১৯ জন, বলিভিয়ায় ৩০০ জন, মালদোভায় ২৮৮ জন, ইসরায়েলে ২৮৪ জন, দক্ষিণ কোরিয়ায় ২৬৯ জন, নাইজেরিয়ায় ২৬১ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৬০ জন, আফগানিস্তানে ২৪৬ জন, সার্বিয়ায় ২৪২ জন, নরওয়েতে ২৩৬ জন, সুদানে ২৩৩ জন, বেলারুশে ২২৪ জন, মরক্কোতে ২০২ জন ।

আন্তজার্তিক ডেস্ক , ৩০ মে ২০২০