Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ধর্মের টানে অভিনয়কে বিদায়, মাওলানাকে বিয়ে

বিগ বস খ্যাত বলিউড অভিনেত্রী সানা খান সম্প্রতি বিনোদন জগতকে বিদায় জানিয়েছিলেন। এবার নতুন জীবনে পা রাখলেন তিনি। প্রায়ই চুপিসারেই সেরে ফেলেছেন বিয়ে।

ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গুজরাটের মাওলানা মুফতি আনাসকে বিয়ে করেছেন সানা। শুক্রবার তাদের বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপনও করতে দেখা যায় নব দম্পতিকে।

সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন বুজুর্গ আলেম।

এর আগে গত অক্টোবরে বিনোদন দুনিয়া ছাড়ার কথা জানিয়ে সানা খান তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। মানবতার সেবা করতে এবং স্রষ্টার আদেশ অনুসরণ করতে এই তারকা জীবন ছেড়ে আমি চিরদিনের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘‌সবাইকে অনুরোধ করছি আমার জন্য প্রার্থনা করবেন। আল্লাহ যেন আমার অনুশোচনা কবুল করেন। এখন থেকে শোবিজের কোনো কাজের জন্য আমার সঙ্গে কেউ যোগাযোগ করবেন না।’

উল্লেখ্য, মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন সানা। সানা প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মত বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে তিনি দর্শকের কাছে সব থেকে বেশি আলোচিত বিগ বস সিজন ৬ এবং বলিউড সুপারস্টার সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

বার্তাকক্ষ,২২ নভেম্বর,২০২০;

নিউইয়র্কে ‘করোনা হিরো’ সম্মাননা পেলেন বাংলাদেশি শহীদুল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘করোনা হিরো’ সম্মাননা পেয়েছেন আরও এক বাংলাদেশি। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক (সাঈদ) গত মার্চ থেকে অদ্যাবধি কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে নিরলসভাবে কাজ করায় বিভিন্ন সংস্থা থেকে এ সম্মাননা দেয়া হয়।

এখন পর্যন্ত প্রায় ড’জনখানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অব অনার পেয়েছেন শাহ শহীদুল হক। এর মধ্যে উল্লেখ্যযোগ্য সম্মাননা পেয়েছে সর্বপ্রথম তৎকালীন সিনেটর হিলারী ক্লিনটন থেকে। আরও আ্যওয়ার্ড দিয়েছেন সাবেক কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি।

সাবেক স্থায়ী প্রতিনিধি ইউনাইটেড নেশন অব বাংলাদেশ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন তাকে সম্মাননা সার্টিফিকেট দিয়েছেন। সর্বশেষ অ্যাওয়ার্ড অব চ্যাম্পিয়ন কোভিড-১৯ সম্মানে ভূষিত হলেন শাহ্ শহীদুল হক।

এ সম্মাননা দিয়েছেন নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক-১৯ এর অ্যাসেম্বলি ওমেন মিস ক্যাটলিনা ক্রুজ। উল্লেখ্য, গত ৭ নভেম্বর বিকেল ৫টায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলমেন্টের উদ্যোগে ক্ষুধার্ত মানুষের মধ্যে খাদ্য দ্রব্য এবং মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জেসিকা রামোসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বার্তাকক্ষ,২২ নভেম্বর,২০২০;

করোনাভাইরাসে প্রাণহানি ১৩ লাখ ৮৫ হাজার ছাড়াল

কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাসে প্রাণহানি এরই মধ্যে ১৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ১৮২ জন। অন্যদিকে মারা গেছেন ১৩ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৬৭১ জন।

তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৭৫ জন। মারা গেছেন ১৩ লাখ ৭৯ হাজার ৫০৮ জন।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ৩৮৯ জন। করোনায় মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ৮২৩ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন ১ লাখ ৩২ হাজারের বেশি।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬০ লাখ ২৫ হাজারের বেশি। দেশটিতে করোনায় মারা গেছেন প্রায় ১ লাখ ৭০ হাজার।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে এই মহামারী বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বার্তা কক্ষ,২২ নভম্বর ২০২০

তারেক রহমানের জন্মদিনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলীয় বিএনপির ভার্চুয়াল সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলীয় বিএনপি। ২০ নভেম্বর শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই সভা।

ভিডিও বার্তা ও পত্র পাঠের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিদেশী রাজনীতিবিদ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাপান সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান মন্ত্রী ও ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান ও মালেশিয়ার রাজনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক ছিলেন , অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, প্রাক্তন উপ-উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, কবি আবদুল হাই শিকদার, সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, প্রফেসর ডা: ফরহাদ হালিম ডোনার, সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিলের পরিচালনায় ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মালেশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেন ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ৫৬তম জন্মদিন আজ। জন্মদিনের এই শুভক্ষণে দলের লাখ লাখ নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও আমার পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কায়মনোবাক্যে তার দীর্ঘায়ু কামনা করি।’

মোশাররফ বলেন, ‘১/১১-এর মইন উদ্দিন-ফখরুদ্দীনের অবৈধ সরকার এবং তাদের দোসরদের গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে বিদেশের মাটিতে চিকিৎসারত রয়েছেন তারেক রহমান। দেশ ও জাতিকে স্বৈরাচারের অন্যায়-অপকর্মের ছোবল থেকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের অবদান দলের নেতাকর্মীদের কাছে অনন্য প্রেরণা।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের রাজনীতিতে এই মূহুর্তে সবচেয়ে যোগ্য মেধাবী দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতা তারেক রহমান। ১৯৮৮ সালে নিজ জেলা বগুড়ার গাবতলী থানা বিএনপির একজন সাধারণ সদস্য হিসাবে তাঁর আনুষ্ঠানিক রাজনীতি শুরু। বিএনপি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। এছাড়া ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ অবদান রাখেন দেশ বরেণ্য এই তরুণ নেতা। স্বৈরাচারী হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচিত বিএনপি সরকারকে বন্দুকের নলে উৎখাত করে ক্ষমতা দখল করে, বিএনপির সেই চরম ক্রান্তিকালে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী যুবদলকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অগ্নিঝরা দুঃসময়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মহাসংগ্রামে নেতৃত্ব দেন। সেই কঠিন সময়ে সদ্য কৈশরোত্তীর্ণ তারেক রহমান ছাত্রাবস্থায় তাঁর মায়ের পাশে থেকে বিএনপি পুনর্নিমাণে অনেক সহযোগিতা করেছেন, যা বিএনপির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বেগম সেলিমা রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তিকে গতিময়তাদানের জন্য তারেক রহমানের রাজনীতিতে আর্বিভাব। যিনি বুকের গভীরে লালন করেন গণতান্ত্রিক মূল্যবোধ। আব্রাহাম লিঙ্কন এর প্রদর্শিত গণতন্ত্রই তাঁর প্রথম পছন্দ, “জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন, যা কখনো পৃথিবী থেকে বিলুপ্ত হবেনা। তাঁর স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে তিনি শুরুতেই ছুটে গিয়েছেন সাধারণ মানুষের কাছে। পথে প্রান্তরে হেঁটে বেড়িয়েছেন তিনি। এই আদর্শ অনুপ্রেরণা তিনি লাভ করেছেন তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কাছ থেকে। পিতার আদর্শ ও কর্মসূচি হৃদয়ে ধারণ করে দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে সত্য-ন্যায় ও কল্যাণের পথে এগিয়ে যাবার প্রত্যয় নিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কঠিন দুঃসময়ে তারেক রহমান রাজনীতিতে আগমন করেন, তাঁর সেই আগমন ছিল রাজনীতির বদ্ধঘরে খোলা জানালার মত, যে জানালা দিয়ে রাজনীতির বদ্ধ ঘরে ঢুকতে পেরেছিল একমুঠো মিষ্টি সুবাতাস। রাজনীতিতে তারেক রহমানের আগমনে তখনকার ছাত্র-যুবক-শ্রমিক, তথা সকল তরুণ কর্মীদের মাঝে উদ্দীপনার সৃষ্টি করেছিল, জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছিলেন তাঁর মধ্যে। কর্মে-কথায়-আচরণে তৃণমূল নেতাকর্মী, সাধারণ মানুষের মনে আশা-ভালোবাসার সঞ্চার করেছিলেন তিনি। যে ভালোবাসা এখনও অটুট অম্লান রয়েছে।

অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বলেন বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির মানসপুত্র তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সকাল সৃষ্টির জন্য তাঁর আগমন। তারেক রহমান এবং তার অনুগামি জাতীয়তাবাদী শক্তির চাওয়া নির্বাচন কেন্দ্রিক বহুদলীয় গণতন্ত্র। আজ বাংলাদেশে গণতন্ত্র অবরুদ্ধ। দেশে চলছে একদলীয় ফ্যাসিবাদী শাসন। এই ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমরা মুক্ত হতে চাই। তারুণ্যের প্রতীক বুদ্ধিদীপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান আমাদের মুক্ত করবেন, নতুন আলোর পথ দেখাবেন। বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ভঙ্গস্তুুপ থেকে ফিনিক্স পাখির মতো তাঁর উত্থান হোক জন্মদিনে এই প্রবল প্রত্যাশা বাংলাদেশের গণতন্ত্রকামী আপামর মানুষের।

আবদুল হাই শিকদার বলেন, তারেক রহমান এমনই একজন নেতা যার বহুমুখি প্রতিভায় দেশের জনগণের কাছে অতি প্রিয়। বিএনপিসহ সাধারণ মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা। জনগণকে আপন করে নেয়ার যাদুকরী ক্যারিষমেটিক নেতৃত্ব মার্জিত ব্যবহারের কারণে আর এসব গুণাবলী তাকে বিষ্ময়কর জনপ্রিয়তার অধিকারী করে তুলে। তারেক রহমান এদেশের মা, মাটি ও মানুষের সন্তান। এই দেশের মা, মাটি ও মানুষকে কেন্দ্র করেই তার সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড শুরু করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরেই শহর কেন্দ্রিক রাজনীতিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন হাটে, মাঠে-ঘাটে, গ্রামে-গঞ্জে। এই কারণেই তৃণমূল রাজনীতির প্রাণপুরুষ হয়ে উঠেন তারেক রহমান। তারেক রহমান রাজনীতিতে এসে বুঝতে পেরেছিলেন দেশের উন্নয়ন চাইলে গ্রামে-গঞ্জের উন্নয়ন করতে হবে। তাই তিনি পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই গ্রাম-গঞ্জের পথে-প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। তিনি গ্রাম অঞ্চলের কৃষক-মজুর-খেটে খাওয়া গরীব-দু:খী মানুষের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখ সম্পর্কে জানতে চেয়েছেন। দু:খী মানুষের কাছে দাঁড়িয়েছেন। তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় নেতা ও তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে সেতুবন্ধন তৈরী করতে তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেছিলেন।

প্রফেসর ডা: ফরহাদ হালিম ডোনার বলেন,তারেক রহমানের অভাবনীয় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওয়ান ইলেভেনের সরকার গভীর চক্রান্তের নীলনক্সার চক একেছিল। তার নির্মম বলি হন আধুনিক রাজনীতির এই আইডল। সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেফতার করে নির্মম নির্যাতন করে। বর্তমান সরকার ক্ষমতায় এসে আরো অনেক মিথ্যে মামলায় জড়িত করেছে। এই অবৈধ বাকশালি সরকার অনেক চেষ্টা করেও একটি মামলা প্রমাণ করতে পারেনি।

আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ৫৬তম জন্মদিনে ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান’র জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। ভবিষ্যৎ এ দেশনায়ক সুস্থ হয়ে বীরের বেশে দেশে ফিরে আসবেন এবং দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, ইনশাআল্লাহ।ভোটারবিহীন বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাতে ‘গণজাগরণের’ প্রত্যাশা করছি। তিনি বলেন, ‘শুধু একটা সুযোগ একটা পরিবেশের অপেক্ষায় আছি। একটি গণজাগরণের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র একাত্তরের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে আমাদের নেতা তারেক রহমান সুন্দর পরিবেশে দেশে ফিরে আসতে পারবেন। গণতন্ত্র ফেরাতে পারলে জনগণের স্বপ্ন তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারব।

সভাপতির বক্তব্যে সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব বলেন বর্তমান বিশ্ব রাজনীতির সাথে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের চলমান রাজনীতি ও আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরী হিসেবে তারেক রহমানই বিশ্বনেতার আসনে সমাসীন হয়েছেন- এশিয়া ও প্রবাসী বিএনপি ও বিশ্ব নেতৃবৃন্দ এবং সচেতন প্রবাসীরা সেটাই মনে করেন। তারেক রহমান শুধু বাংলাদেশের নেতা নয় তিনি এখন বিশ্বনেতা ,বিশ্বসভায় আগামী দিনে বাংলাদেশের ভাবমুর্তি তুলে ধরবেন ও দক্ষিন এশিয়ার উন্নয়নে আগামী দিনে এক নতুন চিন্তাভাবনার সুচনা করবেন।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পাশাপাশি দেশে বিদেশে ও দলের নেতাকর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালেশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সিমকী ইমাম, কেন্দ্রীয় স্চ্ছোসেবক দলের উপদেষ্টা আসকির আলী, সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপি সভাপতি আকম রফিকুল ইসলাম, ক্বারী আব্দুল হাকিম, তাজুল ইসলাম গাজী, বশির সরকার, সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তফন, কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদ, সাধারন সম্পাদক শরিফুল হক সাজু; কুয়েত বিএনপির আহবায়ক মাস্টার নুরুল ইসলাম, সদস্য সচিব শওকত আলী; আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক আব্দুস সালাম তালুকদার; বাহরাইন বিএনপির সভাপতি সাবের আহমদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চুন্নু, ওমান বিএনপির সভাপতি ঈসা চৌধুরী; জর্ডান বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারন সম্পাদক বিল্লাল খান, লেবানন বিএনপির সাবেক সভাপতি মফিজুল ইসলাম বাবু, ওয়াসিম আকরম।

মীর রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক, জাপান বিএনপি এম জামান সজল সভাপতি দক্ষিন কোরিয়া বিএনপি, আমেরিকা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরাফত হোসেন বাবু সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ম্যারিল্যান্ড বিএনপির সদস্য কবিরুল ইসলাম কবিরুল ইসলাম, আবু সায়েদ আহমদ সাধারণ সম্পাদক যুবদল আমেরিকা, রেজাউল আজাদ ভুইয়া সাধারণ সম্পাদক নিউইয়র্ক সিটি যুবদল, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, আয়ারল্যান্ড বিএনপি সভাপতি হামিদুল নাসির, স্পেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি, ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির, শামসুল গাজী, মবিন মোহাম্মদ, ইতালী বিএনপির যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের, খলিলুর রহমান খোকন, অস্ট্রিয়া বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক মমতাজ আলো, মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউরোপীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ সাদিক, এডভোকেট শরিফুল ইসলাম লিটন ব্রাক্ষনবাড়িয়া জেলা বিএনপি নেতা,মালদ্বীপ বিএনপি সাধারণ সম্পাদক এমরান হোসেন প্রিন্স সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরীসহ বিশ্বের বিভিন্ন দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক:সাগর চৌধুরী, সৌদি আরব,২২ নভেম্বর ২০২০

দিল্লিতে একদিনে মৃত ১১৮, মাস্ক না পড়লে ২০০০ রুপি জরিমানা

ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। মূল দিল্লি এলাকা ছাড়িয়ে জাতীয় রাজধানী (এনসিআর) অঞ্চলেও প্রভাব ফেলতে শুরু করেছে সংক্রমণ।

দিল্লিতে করোনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ১৫৯ জনে। শুক্রবার রাতের পরিসংখ্যান অনুযায়ী, এদিন দিল্লিতে মৃত্যু হয়েছে ১১৮ জনের।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬০৮ জন। এ নিয়ে দিল্লিতে মোট সংক্রমণের সংখ্যা পৌঁছেছে পাঁচ লাখ ১৭ হাজারে।

দিল্লিতে যে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে তাই না, করোনায় মারা যাওয়া লোকের সংখ্যাও রেকর্ড ভাঙছে।

শুক্রবার প্রকাশিত তথ্যানুযায়ী, দিল্লির পার্শ্ববর্তী নয়ডায় এই মুহূর্তে করোনার এক হাজার ৪০০টিরও বেশি সক্রিয় সংক্রমণ রয়েছে। নয়ডায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ও মোট মৃত্যু হয়েছে ৭৪ জনের।

এদিকে করোনা সংক্রমণরোধে মাস্ক না পরলে দুই হাজার রুপি জরিমানা করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি। তবে আজ থেকে এ নির্দেশ কার্যকর করা হবে।করোনা সংক্রমণে লাগাম পরাতে এমন কড়া সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন বিশেষজ্ঞরা।

মাস্ক না পরলে এর আগেও জরিমানার বিধান ছিল দিল্লিতে। তবে সেটা ছিল ৫০০ রুপি। এবার তা চারগুণ বাড়ালো দিল্লির সরকার।

জরিমানার অংক বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোকে মাস্ক বিতরণের আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল।

রোহিঙ্গা কল্যাণে আরও ৮৫০ কোটি টাকা অনুদান

কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় হোস্ট কমিউনিটির বিদ্যুৎ, পানি, স্যানিটেশন ও দুর্যোগ সহনশীল অবকাঠামো সুবিধা বাড়াতে আরো ১০ কোটি ডলারের অনুদান দিচ্ছে বিশ্ব ব্যাংক। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে – বুধবার বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে জানা যায় ।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সাহাবুদ্দিন পাটোয়ারী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন চুক্তিতে সই করেন।

ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের আওতায় এ অনুদান দেবে বিশ্বব্যাংক।

নতুন এ অনুদানে এ প্রকল্পের আওতায় ৮১ হাজার মানুষের জন্য ৪০টি বহুমুখী আশ্রয়কেন্দ্র, জলবায়ু সহনশীল রাস্তা, ৪ হাজার সৌর বিদ্যুৎচালিত সড়ক বাতি লাগনোসহ বেশকিছু কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ অর্থায়ন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পনা প্রণয়নে সহায়তা ও সমন্বয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও এ অনুদান সহায়তা করবে।

এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন বলেন,‘ রোহিঙ্গা সংকটের শুরু থেকে তাদের চাহিদা পূরণে বাংলাদেশকে সহযোগিতা করে আসছি। পাশাপাশি সেখানকার স্থানীয় বাংলাদেশিদেরও সহযোগিতা করছি।

আমরা লক্ষ্য করছি,রোহিঙ্গারা আসার পর থেকে কক্সবাজারের অবকাঠামোসহ মৌলিক যেসব চাহিদা রয়েছে, সেসব ক্ষেত্রে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এ অনুদান সেই চাপ কিছুটা হলেও কমাতে সহযোগিতা করবে।’

এ অনুদানসহ ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পে ২৬৫ মিলিয়ন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিল।

বার্তা কক্ষ , ২০ নভেম্বর ২০২০

বিশ্বে করোনা শনাক্ত ৫ কোটি ৭২ লাখ ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৭২ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃত মানুষের সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৭২ লাখ ২৮ হাজার ১০৬।

ওয়ার্ল্ডোমিটার শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৩ লাখ ৬৫ হাজার ৪৬১ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ৫৪২।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭১২। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৮ হাজার ৩৩৩ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ৪ হাজার ৩২৫। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ২০২ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৯ লাখ ৮৩ হাজার ৮৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ১৪১ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। আর্জেন্টিনা অষ্টম। ইতালি নবম। কলম্বিয়া দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।গত ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’। গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বৃহস্পতিবারের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত শনাক্ত মানুষের সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ১৫৯। মোট ৬ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন। সুস্থ হওয়ার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের তথ্য জানায় সরকার। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

বেশ কিছুদিন ধরে সরকার বলে আসছে, আসন্ন শীতে করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আশঙ্কা আছে। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিতও দেখা যাচ্ছে।

বার্তা কক্ষ,২০ নভেম্বর ২০২০

করোনা সংক্রমণ, নিউইয়র্কে ফের স্কুল বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য এ নির্দেশ বলবৎ থাকবে।

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।’

করোনা প্রাদুর্ভাবের শুরুতে গত মার্চ মাসে সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুই মাস আগে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় নতুন করে আবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলো।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেন, ‘এই সিদ্ধান্ত নিয়ে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই যে, খুব শিগগিরই আমরা ফিরে আসব।’

বিবিসির খবরে বলা হয়, নিউইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছে। বসন্তে শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় এক কোটি ১৯ লাখ আক্রান্ত ও দুই লাখ ৫৬ হাজার মানুষ মারা গেছে।

বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনাভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত পাঁচ কোটি ৬৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৫৩ হাজারের মানুষের।

বার্তাকক্ষ, ১৯ নভেম্বর,২০২০;

কুয়েতে পেশাদারিত্ব ও সততার জন্য সম্মাননা পেলেন এক বাংলাদেশি

১৯৮৬ সালে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমান সিলেট সদর উপজেলার মেজবাহ উদ্দিন। দীর্ঘ ৩৪ বছর ধরে কাজ করছেন কুয়েতের কুয়েত ফ্লার মিল বেকারিস নামে একটি সরকারি কোম্পানিতে।

সাধারণ শ্রমিক হিসেবে কাজ শুরুর পর নিজের সততা, নিষ্ঠা ও দক্ষতার মধ্য দিয়ে কোম্পানির কোষাধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান মেজবাহ।

বুধবার নিজের মাতৃভূমি সিলেটের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করবেন এই প্রবাসী। পাসপোর্টে বয়স ৬০ বছর পূর্ণ হওয়াতে কুয়েতের নতুন আইন অনুযায়ী পুনরায় আকামা নবায়ন করা সম্ভব হচ্ছে না।

সুনামের সঙ্গে কাজ করায় ও পেশাদারিত্বের কারণে বিদায় বেলায় কোম্পানি তাকে একটি প্রশংসাপত্র এবং প্রাপ্য বেতন ছাড়াও নগদ দুই হাজার দিনার (বাংলাদেশি প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা) উপহার হিসেবে দিয়েছে।

এ বিষয়ে কুয়েত প্রবাসী মেজবাহ উদ্দিন বলেন, আমার কাজ করার ইচ্ছা ও শক্তি থাকা সত্ত্বেও দেশে চলে যেতে হচ্ছে।

প্রবাসে যেমন সৎ ও হালাল পথে চলেছি, জীবনের বাকি সময়টুকু পরিবার এবং আত্মীয়স্বজন নিয়ে চলতে পারি মহান আল্লাহ দরবারে এ প্রত্যাশা।
বার্তাকক্ষ, ১৯ নভেম্বর,২০২০;

রোহিঙ্গা ইস্যুতে টানা চতুর্থবারের মতো জাতিসংঘে প্রস্তাব ‍গৃহীত

টানা চতুর্থবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ১৮ নভেম্বর বুধবার বিপুল ভোটে এটি গৃহীত হয় বলে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রস্তাবটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তাবটিতে ১০৪টি দেশ পৃষ্ঠপোষকতা প্রদান করে।

‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

তিনি বলেন, এতে করে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সাময়িক আদেশ, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের তদন্ত শুরুর বিষয় এবং রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের মিয়ানমারের জাতীয় নির্বাচনসহ অন্যান্য ক্ষেত্রে অব্যাহতভাবে বঞ্চিত করার মতো নতুন বিষয়গুলো উঠে এসেছে এবারের প্রস্তাবটিতে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত রাবাব ফাতিমার বরাত দিয়ে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ১৮ নভেম্বর বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাবটি গৃহীত হয়েছে।

তিনি বলেন, এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দানকারী দেশ হিসেবে বাংলাদেশ অব্যাহতভাবে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে। যা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মধ্যে নিহিত রয়েছে। রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানকে প্রস্তাবটি জোরদার করবে। এ সংকটের শিকড় সম্পূর্ণভাবে মিয়ানমারেই নিহিত।

প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩২টি দেশ। বিপক্ষে ভোট পড়ে নয়টি। আর ভোট দানে বিরত থাকে ৩১টি দেশ।

এটি মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনসহ অন্যান্য সহিংসতার শিকার নির্যাতিত রোহিঙ্গা মুসলিম ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিপুলসংখ্যক জাতিসংঘ সদস্য রাষ্ট্রের শক্তিশালী, ঐক্যবদ্ধ ও অকুণ্ঠ সমর্থনেরই বহিঃপ্রকাশ।

এছাড়া প্রস্তাবটিতে মিয়ানমারকে সুনির্দিষ্ট কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্যে আহ্বান জানানো হয়েছে। বিষয়গুলো হলো- রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানসহ সমস্যাটির মূল কারণ খুঁজে বের করা, প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা, প্রত্যাবর্তনের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধির পদক্ষেপ হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সুরক্ষা ও আশ্রয়দানের ক্ষেত্রে যে অনুকরণীয় মানবিক দৃষ্টান্ত প্রদর্শন করেছে তার ভূয়সী প্রশংসা করা হয়েছে প্রস্তাবটিতে।

আন্তর্জাতিক ডেস্ক, ১৯ নভেম্বর ২০২০