Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সভা
মাদক

শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সভা

মাদক, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকদি-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক বলেন, মাদকের সঙ্গে জড়িত অপরাধীদের কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একজন অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে আরও ১০ জনকে শিক্ষা দেওয়া সম্ভব। অপরাধের তাৎক্ষণিক বিচার না হলে সেখান থেকে নতুন সমস্যার সৃষ্টি হয়।

তিনি বলেন, কোনো পরিবার যদি মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে একপর্যায়ে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এমনকি এলাকার ভেতরে ও বাইরে চুরি-ডাকাতির মতো ঘটনাও ঘটাতে পারে। অনেকেই মনে করেন, অমুকের ছেলে মাদকাসক্ত, কিন্তু আমার ছেলে ভালো। এ ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ প্রতিবেশী খারাপ পথে গেলে তার নেতিবাচক প্রভাব নিজের পরিবার ও সমাজের ওপরও পড়তে পারে। এজন্য মাদক প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মাদক থেকেই ইভটিজিং, হামলা, কিশোর গ্যাংসহ নানা ধরনের অপরাধের উৎপত্তি হয়। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ১২, ১৩ ও ১৪ বছর বয়সী ১০ থেকে ১৫ কিংবা ২০ জন কিশোর একত্রিত হয়ে বিভিন্ন স্থানে গিয়ে নিজের বাবার বয়সী মানুষের গায়ে হাত তুলছে। কেউ তাদের বাধা দিতে গেলে তাকেও আক্রমণ করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়েরুল কবীর, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, আল-আরাফাহ্ হজ কাফেলার চেয়ারম্যান শরিক পাটোয়ারী, মানিক মিয়া, আবদুল বাকী ও আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউসুফ আলী, থানার সেকেন্ড অফিসার ফেদাউস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের প্রতিনিধিদল এবং স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে সুমন খান, হেলাল খান, বেলাল খান ও রহিম খানসহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ তানভীর।

আলোচনা সভা শেষে ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোল্লার বাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/
২৭ নভেম্বর ২০২৬