চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার ওই অগ্নিকাণ্ডেই ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার দুই বছর বয়সী ভাই মো. আনাছ হোসেন।
নিহত দুই শিশু ওই এলাকার উত্তর বড়কুলের আতিক মেম্বার বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।
মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার দাদা আতিক মেম্বার জানান, ঢামেক হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। পারিবারিক কবরস্থানে ছোট ভাই আনাছের পাশেই তাকে দাফন করা হবে।
গত রোববার (২২ নভেম্বর) দুপুরে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই-বোনকে ঘুম পাড়িয়ে তাদের মা ঘরের দরজা আটকে সংসারের কাজে বাইরে যান। এর মধ্যেই বসতঘরে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই পাশাপাশি দুটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এর আগেই ঘরের ভেতরে পুড়ে মারা যায় শিশু আনাছ এবং শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে গুরুতর আহত হয় তার বড় বোন মরিয়ম।
ঘটনার খবর পেয়ে সেদিন ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার হোসেন ভূইয়া ও প্রকল্প কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। সে সময় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
হাজীগঞ্জ প্রতিনিধি/
২৫ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur