সাত ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শর্তসাপেক্ষে ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে ঘাটে আটকে থাকা যানবাহন পারাপার শুরু হওয়ায় যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট থেকে ১৭টি যানবাহন নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় গৌরী নামের একটি ফেরি। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ফেরিও যানবাহন নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিসির মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সংস্থাটির চেয়ারম্যানের আলোচনায় শর্তসাপেক্ষ আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবারের মধ্যে আটক মাস্টার মোশাররফ হোসেনসহ আরও একজন কর্মচারী জামিনে মুক্তি না পেলে রোববার থেকে আবারও লাগাতার ধর্মঘট শুরু হবে।
এর আগে শুক্রবার সকালে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে বালুভর্তি একটি বাল্কহেডের সঙ্গে ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা তরিকুল ইসলাম নামের আট বছর বয়সী এক শিশু নিহত হয় এবং আরও দুই শিশু আহত হয়। এ ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী বাল্কহেডটি জব্দ করা হয়।পাশাপাশি বিআইডব্লিউটিসির মাস্টার মোশাররফ হোসেনসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বিআইডব্লিউটিসি মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফলে বন্ধ হয়ে যায় এই নৌরুটের ফেরি চলাচল। এতে নরসিংহপুর ফেরিঘাটে আটকা পড়ে পণ্যবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। বিশেষ করে পচনশীল পণ্যবাহী যানবাহনের চালকেরা পড়েন চরম বিপাকে। দক্ষিণাঞ্চল থেকে চট্টগ্রামগামী যানবাহনসহ সাধারণ যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়।
বিআইডব্লিউটিসি মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রব বলেন, তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ায় আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আটক কর্মীদের জামিনে মুক্তি না দিলে পুনরায় ধর্মঘটের কর্মসূচি দেওয়া হবে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ঘাট ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ধর্মঘট প্রত্যাহারের পর ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম শরীয়তপুর-চাঁদপুর নৌপথ। এ রুটে পাঁচটি ফেরির মাধ্যমে প্রতিদিন যানবাহন পারাপার করা হয়। ফলে এ পথে ফেরি চলাচল বন্ধ থাকলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও চট্টগ্রামগামী পরিবহন এবং পণ্যবাহী যানবাহনকে ভোগান্তিতে পড়তে হয়।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৪ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur