প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এ বৈঠক হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করা হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিস্তারের পাশাপাশি দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন প্রত্যাশা
রোহিঙ্গা সংকট সমাধানে ধারাবাহিক সমর্থনের জন্য তুরস্কের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন দুই নেতা। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১১ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur