কুমিল্লার চান্দিনায় দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর ২০টি মামলার পরোয়ানাভুক্ত চান্দিনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা মহানগর এলাকায় অভিযান চালায় চান্দিনা থানা-পুলিশের একটি বিশেষ আভিযানিক দল। উপপরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ গুপ্ত ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাম্যশ্রী বড়ুয়ার যৌথ নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আত্মগোপনে থাকা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ রফিকুল ইসলাম (৪৫) চান্দিনা পৌরসভার হারং (খিজির মিয়ার বাড়ি) এলাকার ফজলুর রহমান ও রুফিয়া বেগমের ছেলে।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আদালত থেকে মোট ২০টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, যার মধ্যে ৮টি মামলায় ইতোমধ্যেই দণ্ডাদেশ বা সাজা কার্যকর করার নির্দেশ ছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফুর রহমান জানান, দীর্ঘ দিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে আধুনিক প্রযুক্তির সহায়তায় সফল অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৯ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur