Home / শিক্ষাঙ্গন / ১৮ ডিসেম্বর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা
Untitled-1psd-(4)

১৮ ডিসেম্বর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য আগামি দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে ১৫-১৮ নভেম্বরের মধ্যে।

শনিবার ৭ নভেম্বর রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.মো.নাজমুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ওই তারিখে পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।

এ ছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় ১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সূচি প্রসঙ্গে অধ্যাপক নাজমুল হোসেন বলেন,দু-এক দিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর ১৫-১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে।

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ১ ডিসেম্বর পুন:পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ওই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না,সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

৯ নভেম্বর ২০২৬
এ জি