Home / চাঁদপুর / চাঁদপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান “প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অরিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সমানভাবে এগিয়ে নিতে হবে। মাদকসেবীদের মারধর করে মাদক থেকে দূরে রাখা সম্ভব নয়; বরং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সুস্থ ও সুন্দর জীবনের পথে ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে আমরা একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে পেয়েছি। আগামীতে ওয়ার্ডভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু করা হবে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রবীণ শিল্পী রূপালী দি ও কৃষ্ণা দি বয়সের কারণে ধীরে ধীরে মঞ্চ থেকে সরে যাচ্ছেন। তাই নতুন প্রজন্মের শিল্পীদের গড়ে তুলতে এবং সাংস্কৃতিক অঙ্গনে তাদের সম্পৃক্ত করতে আমাদের কাজ করতে হবে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাশেম প্রধানিয়া, সাংস্কৃতিকনুরাগী অধ্যাপক মোশাররফ হোসেন, সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী, রবীন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, শিশু একাডেমির চিত্র প্রশিক্ষক অজিত দত্ত, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পাটওয়ারীসহ প্রশাসনিক কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিকনুরাগী এবং সকল শ্রেনী পেশাজীবি মানুষ।

অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহার সার্বিক তত্ত্বাবধানে এবং সাংবাদিক ও নাট্যশিল্পী এম আর ইসলাম বাবুর পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমির প্রবীণ ও নবীন কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

স্টাফ রিপোর্টার/
৭ নভেম্বর ২০২৬