Home / চাঁদপুর / জাতীয় স্বার্থ ও দেশের উন্নয়নে প্রশ্নে আমাদের মধ্যে ঐক্য থাকা জরুরি- এমপি মানিক
জাতীয়

জাতীয় স্বার্থ ও দেশের উন্নয়নে প্রশ্নে আমাদের মধ্যে ঐক্য থাকা জরুরি- এমপি মানিক

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি জাতীয় জীবনে ঐক্য, সংহতি, দেশপ্রেম ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও জাতীয় ঐক্যের দর্শন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি আরো বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থ ও দেশের উন্নয়নের প্রশ্নে আমাদের মধ্যে ঐক্য থাকা জরুরি।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুরসহ পুরো দেশকে এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে।

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ড. এম. আতিকুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতিসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার/
৭ নভেম্বর ২০২৬