স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশের জেরে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে আদালত এ রায় দেন।
বুধবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি অভিযুক্ত বাংলাদেশির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন। একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও তিনি ছবিগুলো সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বিরোধ তৈরি হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ওই ঘটনার প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত। নিহত ব্যক্তি কর্মস্থলে রয়েছেন নিশ্চিত হওয়ার পর তিনি ছুরি নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। পরে ওই ব্যক্তি বেরিয়ে এলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তার মৃত্যু হয়।
আদালতে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত। তিনি জানান, নিহত ব্যক্তির সঙ্গে তার আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একবার তার বাড়িতে বেড়াতে গিয়ে বন্ধু অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি তোলেন। পরে সেসব ছবি ফেসবুকে প্রকাশ করেন।
অভিযুক্তের দাবি, ছবিগুলো প্রকাশের পর সেগুলোতে আপত্তিকর মন্তব্য আসতে শুরু করে। এ কারণে তিনি বন্ধুকে ছবিগুলো মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু বন্ধু তা না করে আরও ছবি প্রকাশ করেন। এতে তার ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়।
এ ঘটনার জেরেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন বলে আদালতে জানান অভিযুক্ত ব্যক্তি।
মামলার সব পক্ষের বক্তব্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযুক্তকে পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। সূত্র: গালফ নিউজ
চাঁদপুর টাইমস ডেস্ক/
৪ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur