Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
যুব দিবস

ফরিদগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

​‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং যুবদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়েছে।

​১ নভেম্বর রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

​র‍্যালিশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি যুব ঋণ কার্যক্রম চালু রেখেছে। তাই চাকরির পেছনে অন্ধের মতো না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে। সরকারি ঋণ নিয়ে মৎস্য চাষ, মুরগির খামার ও পশু পালনের মাধ্যমে সহজেই স্বাবলম্বী হওয়া সম্ভব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান,
১ নভেম্বর ২০২৬