মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের হাইমচরে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে ৪৪টি অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ ও প্রশাসন। এ সময়ে ৬ হাজার ৯৭০ মিটার অবৈধ জাল, ৫৫০ কেজি ইলিশ এবং ২২টি নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা।
মৎস্য বিভাগের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর সর্বমোট প্রতিবেদন অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাইমচর উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।
প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ সময়ে ৮৪টি মাছঘাট, ৩৫৯টি আড়ত ও ৬৭টি বাজার পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ২২টি নৌকা জব্দের পাশাপাশি ৫৫০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। জব্দ করা ইলিশের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।
এ ছাড়া অভিযানে পাঁচটি মামলা করা হয়েছে। নিয়মিত মামলার সংখ্যা ২৯টি এবং নৌ-পুলিশের মাধ্যমে নিয়মিত মামলার সংখ্যা ২৭টি বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অভিযানে ৫৭ জন জেলে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অবৈধভাবে ইলিশ ধরার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে ছিল। নিষেধাজ্ঞার সময়ে নদীতে অবৈধভাবে মাছ ধরা, ইলিশ পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ইলিশের প্রজনন রক্ষা এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর ছিল। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ ছিল। সংশ্লিষ্টদের মতে, নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন ও নিয়মিত তদারকির মাধ্যমে ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
২৯ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur