বই পড়ার অভিজ্ঞতাকে বিশ্লেষণী পাঠ ও সমালোচনার চর্চায় উৎসাহিত করতে আয়োজিত ‘বুক রিভিউ প্রতিযোগিতা’র দ্বিতীয় আসরে ১০ জনকে পুরস্কৃত করেছে বইবিষয়ক পত্রিকা‘এবং বই’।
লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের দুটি বই নিয়ে পাঠকদের লেখা পর্যালোচনা থেকে তাদের নির্বাচিত করা হয়। শনিবার ২৪ অক্টোবর বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এবারের প্রতিযোগিতায় আশরাফ আহমেদের প্রবন্ধগ্রন্থ ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক ‘ বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’ নির্ধারিত ছিল। মাসব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের পাঠক অংশ নেন। জুরি বোর্ডের মূল্যায়নে বই দুটি নিয়ে লেখা পর্যালোচনার ভিত্তিতে দুটি বিভাগে পাঁচজন করে ১০ জনকে বিজয়ী নির্বাচন করা হয়।
প্রবন্ধগ্রন্থ বিভাগে প্রথম হয়েছেন মামুন কবীর,দ্বিতীয় মো.শাহেরীন আরাফাত এবং তৃতীয় মারুফ ইসলাম। এ বিভাগে বিশেষ স্বীকৃতি পেয়েছেন মাকসুদা আক্তার ও সঞ্জয় দেওয়ান। উপন্যাস ‘আলো ছায়ার খেলা’ বিভাগে প্রথম হয়েছেন আলী আহসান,দ্বিতীয় মুহাম্মদ ফরিদ হাসান এবং তৃতীয় নাছরিন জাহান। এ বিভাগে বিশেষ স্বীকৃতি পেয়েছেন মো.জাহিদ হাসান ও জোবায়ের মিলন। প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থের পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা সমমূল্যের বই উপহার দেয়া হয়।
‘এবং বই’-এর সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক আহমদ বশীর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন, কথাসাহিত্যিক মনি হায়দার এবং কবি ও প্রাবন্ধিক আলমগীর খান। এ ছাড়া বক্তব্য দেন নারী নেত্রী জাকিয়া শিশির, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম,লেখক মিজানুর রহমান আফরোজ ও পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আশরাফ আহমেদ বিদেশে থাকলেও তার লেখায় বাংলাদেশের প্রতি গভীর অনুরাগ ও দেশকে ধারণ করার পরিচয় পাওয়া যায়। তার দুটি বইকে কেন্দ্র করে পাঠকদের পর্যালোচনা প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ বই পড়ার পাশাপাশি বই নিয়ে চিন্তা,বিশ্লেষণ এবং পাঠ-অভিজ্ঞতা অন্যের সঙ্গে ভাগ করে নেয়ার সুযোগ তৈরি করে।
বক্তারা আরও বলেন,পাঠক ও বইয়ের মধ্যে সংযোগ তৈরিতে ‘এবং বই’গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পত্রিকাটির নিয়মিত প্রকাশনা অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা জানান।
২৫ অক্টোবর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur