Home / শিল্প-সাহিত্য / কাজী নজরুলের সাহিত্য থেকে ন্যায়-অন্যায় বোধ শিখছি : রিজভী
nazrul ---

কাজী নজরুলের সাহিত্য থেকে ন্যায়-অন্যায় বোধ শিখছি : রিজভী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাগরণের কবি এবং তিনি সব সময়ই প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, আমরা কাজী নজরুলের সাহিত্য থেকে ন্যায়-অন্যায় বোধ শিখছি। ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪-এর আন্দোলনে নজরুলের গানেই জাতি জেগে উঠেছিল।

শুক্রবার নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নজরুল শুধু বিদ্রোহী কবিই নন; তিনি প্রেমের কবি, আধ্যাত্মিকতার কবি এবং সকলের কবি। শুধু শহরে নয়,প্রতিটি গ্রামগঞ্জে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে এবং এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নজরুল বর্ষ ঘোষণা করেছেন।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসায় গত কয়েক মাসে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও শেয়ারবাজার কেলেঙ্কারি বন্ধ হয়েছে। আগে পাটের ন্যায্য দাম না পাওয়ায় কৃষক আত্মহত্যা করত, আর এখন কৃষক পাটসহ অন্যান্য শস্যের ন্যায্য দাম পাচ্ছে। বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার সব বাস্তবায়ন করবে উল্লেখ করে তিনি জানান, ইতিমধ্যে কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হয়েছে, সারা দেশে খাল খনন চলছে এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন করা হচ্ছে। এছাড়া দেশের বন্ধ কলকারখানা চালু করার চিন্তাভাবনাও শুরু করেছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নজরুলের গান ও কবিতা আমাদের জীবনের চালিকাশক্তি। যেকোনো অন্যায়ের প্রতিবাদের ভাষা আমরা নজরুলের কাছ থেকে খুঁজে পাই। তাই প্রধানমন্ত্রী জাতীয় কবির যথাযথ মূল্যায়ন করছেন।

নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান ও জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভায় নজরুলের সাহিত্য ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন নজরুল গবেষক ড. মুন্সি আবু সাঈফ এবং সহযোগী অধ্যাপক মো. গোলাম মোস্তফা।

২ জুলাই ২০২৬
এ জি