Home / চাঁদপুর / চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
আলোচিত

চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ রফিককে গ্রেপ্তার করে চাঁদপুর নিয়ে আসেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, ২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে ঘটে কোহিনূর হত্যাকাণ্ড।
এই ঘটনায় কুহিনুরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে মামলা দায়ের করেন । চাঁদপুর সদর মডেল থানার মামলা নাম্বার ৪১, তারিখ ২৩/৮/২০১৫। জি আর ৪৬১/২০১৫।

মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ওরফে ধান্দা রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

কোহিনূর হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকের গ্রেপ্তারে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৫ অক্টোবর ২০২৬